✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৫২ শতাংশ বিদ্যুৎ পেতে চায় মহারাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১৭:৫৩:৪৭ |

ভারতের অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় রাজ্য মহারাষ্ট্র ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ৫২ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে এই হার প্রায় ১৫ শতাংশ। দ্রুত শিল্পায়ন, তথ্যকেন্দ্র ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় পরিচ্ছন্ন জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে চাইছে রাজ্যটি।

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে মহারাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির চেয়ারম্যান লোকেশ চন্দ্র এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে রাজ্যটিতে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ৪০ শতাংশ বেড়ে ৪৫ গিগাওয়াটে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রতিবছর মোট বিদ্যুৎ চাহিদা ৭ থেকে ৮ শতাংশ হারে বাড়ার পূর্বাভাস রয়েছে।

এই প্রবৃদ্ধির বড় অংশ আসবে নতুন প্রযুক্তিনির্ভর শিল্প থেকে। বিশেষ করে তথ্যকেন্দ্র, পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধিতে বিদ্যুতের প্রয়োজন বাড়বে।

লোকেশ চন্দ্র জানান, ২০৩০ সালের মধ্যে শুধু তথ্যকেন্দ্রগুলো থেকেই অন্তত ৭ গিগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি হতে পারে। বাড়তি চাহিদার অর্ধেকের বেশি আসবে এই খাত থেকে।

অন্যদিকে, পরিবেশবান্ধব হাইড্রোজেনের ব্যবহার এখনো তুলনামূলক ধীরগতিতে বাড়ছে। তবে অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে উঠলে এই খাতেও বিদ্যুতের চাহিদা বাড়বে বলে আশা করছেন তিনি।

গত সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ভারতের মোট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৬ শতাংশ এসেছে মহারাষ্ট্র থেকে। রাজ্যটির দীর্ঘমেয়াদি লক্ষ্য আগামী দশকে বিদ্যুৎ সরবরাহে নবায়নযোগ্য উৎসের অংশ ৬৫ শতাংশে উন্নীত করা।

এদিকে, ২০২৫ সালে ভারতের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৫৬ শতাংশ ছিল জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎসের। দেশটির নতুন লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানির সক্ষমতার অংশ ৬০ শতাংশে উন্নীত করা।

তবে মহারাষ্ট্র এখনই কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করছে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পুরোনো কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর পরিবর্তে নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..