✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১৭:৫০:৫৮ |

কুষ্টিয়া শহরের মজমপুরে একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও ক্রেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রেললাইনের পাশে রুহুল আমিনের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ভাঙারি বিক্রেতা সুমন। তিনি কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে। অন্যজন হলেন ভাঙারি ক্রেতা রুহুল আমিন। তিনি জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমন বিভিন্ন জায়গা থেকে ভাঙারি সংগ্রহ করেন। শুক্রবার দুপুরে শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তায় ভরে রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন। রেললাইনের পাশে দোকানের সামনে বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন দুজনই আহত হন। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত দুজনকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা রাজন বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি, সুমন ও রুহুল আহত অবস্থায় পড়ে আছেন। কীভাবে এমন বিস্ফোরণ ঘটেছে, তা বুঝতে পারিনি। তবে শব্দ শুনে মনে হয়েছে, শক্তিশালী কোনো বিস্ফোরক জাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকেল সোয়া ৩টার দিকে বোমা বিস্ফোরণে আহত হয়ে সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাম পায়ে বেশি ক্ষত রয়েছে। তার পায়ে গভীর জখম হয়েছে। অন্যদিকে রুহুলের ডান পায়েও আঘাত রয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি আহত দুজন সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কোনো বিস্ফোরক জড়িত ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নামাজের পরপরই সোয়া ২টার দিকে মজমপুরে রেললাইনের পাশে রুহুলের ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সুমন বস্তাভর্তি ভাঙারি নিয়ে রুহুলের দোকানে আসেন। বহনকারী আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..