✕

সর্বশেষ :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজন রিমান্ডে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত ফরাসি প্রেসিডেন্টের আতিথেয়তায় মুগ্ধ বলিউড অভিনেতা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগের নোটিশ দেওয়ার ২০ মিনিটেই চাকরিচ্যুতি, কর্মীর পোস্ট ভাইরাল

যমুনার পতিত চরে শসার আবাদ, কর্মসংস্থান শতাধিক মানুষের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১৭:২০:২৪ |

একসময় ঘন বনজঙ্গল আর বালুচরে ঢাকা ছিল পাবনার বেড়ার যমুনার চর। সেই পতিত জমিতেই এখন ফলেছে সবুজ শসা। ফরিদপুর থেকে আসা প্রায় ৫০ জন কৃষক প্রায় ৩৫০ বিঘা জমিতে গড়ে তুলেছেন এই শসার ক্ষেত। এতে চাষিরা লাভের আশা করছেন, পাশাপাশি কাজের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় শতাধিক মানুষের।

সরেজমিনে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়ে পেচাকোলা ও চক নয়নপুর মৌজায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ চরজুড়ে শসা ক্ষেতের পরিচর্যা আর ফসল তোলার ব্যস্ততা। 

স্থানীয় কৃষকরা জানান, জেলার ফরিদপুর উপজেলার শ্রী গোবিন্দপুর গ্রাম থেকে ছয়টি দলে ভাগ হয়ে প্রায় অর্ধশত কৃষক এখানে এসেছেন। স্থানীয়দের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে পড়ে থাকা বনজঙ্গল পরিষ্কার করে আধুনিক যন্ত্রের সাহায্যে জমি চাষের উপযোগী করেন। এরপর ভাদ্র মাসের শেষ দিকে শুরু হয় হাইব্রিড জাতের শসার বীজ বপন।

উদ্যোক্তা কৃষক শিহাব ইদ্দিন ফকির ও আব্দুল আলীম ফকির জানান, চরের উর্বর পলিমাটিতে বীজ বপনের মাত্র ৪০ দিনের মাথায় গাছে ফলন আসতে শুরু করে। বর্তমানে প্রতিদিন এসব জমি থেকে ৩০০ থেকে ৪০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। খেত পরিচর্যা, সার-কীটনাশক প্রয়োগ ও ফসল তোলার কাজে প্রতিদিন প্রায় শতাধিক স্থানীয় শ্রমিক কাজ করছেন। এর মধ্যে পুরুষ শ্রমিকরা দৈনিক ৬০০ টাকা এবং নারী শ্রমিকরা ৪০০ টাকা করে মজুরি পাচ্ছেন। 

শ্রমিক আবুল, ফিরোজ ও ফারজানারা জানান, চরের এই সবজি চাষের কারণে তাদের আর কাজের সন্ধানে বাইরে যেতে হচ্ছে না, নিয়মিত আয়ে সংসার চলছে বেশ স্বাচ্ছন্দ্যে।

উৎপাদিত শসা বিপণন প্রক্রিয়া সম্পর্কে কৃষকরা জানান, খেত থেকে শসা তোলার পর নিজস্ব নৌকায় করে নাকালিয়া, নগরবাড়ি ঘাট ও পেচাকোলা ঘাটে নেওয়া হয়। সেখান থেকে ট্রাক ও ট্রলিতে করে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার পাইকারি আড়তে পাঠানো হয়। বর্তমানে আড়তে প্রতিমণ শসা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা পাইকারদের হাত ধরে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা শহরে।

খরচ ও লাভের হিসাব সম্পর্কে তারা বলেন, প্রতিবিঘা জমি গড়ে ৫ হাজার টাকায় লিজ নেওয়া হয়েছে। জমি পরিষ্কার, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ বিঘাপ্রতি খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। বাজারদর ও আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিবিঘা জমি থেকে প্রায় দেড় লাখ টাকার শসা বিক্রির আশা করছেন তারা।

এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, অন্য এলাকা থেকে কৃষকরা এসে বেড়ার দুর্গম চরাঞ্চলে এত বড় পরিসরে শসা চাষের উদ্যোগ নিয়েছেন, বিষয়টি আনন্দের সংবাদ। চরের উর্বর মাটি সবজি ও শসা চাষের জন্য অত্যন্ত উপযোগী। ওই কৃষকরা উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আমরা ইতোমধ্যেই ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..