✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১৭:১৭:২৩ |ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে পাকিস্তান যে অপরিহার্য মধ্যস্থতাকারী নয়, তা স্পষ্ট করেছে ইরান। অন্যদিকে কাতারের মতো দেশগুলো কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছেও পাকিস্তানের গুরুত্ব কমেছে। ফলে মধ্যস্থতার দৌড়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে ইসলামাবাদ।
গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের সঙ্গে আলোচনায় সহায়তাকারী দেশ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নাম উল্লেখ করেছিলেন। তবে সেখানে পাকিস্তানের নাম ছিল না। ইসলামাবাদ বারবার দাবি করেছিল, শিগগিরই একটি শান্তিচুক্তি হতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তির কোনো অগ্রগতি দেখা যায়নি।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র সমান্তরালভাবে একাধিক কূটনৈতিক যোগাযোগের পথ তৈরি করেছে, যার মধ্যে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের নাম উল্লেখ না করেই জানিয়েছেন, কাতারের নেতৃত্বে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করেছেন।
ইতিহাসের যেন পুনরাবৃত্তি ঘটছে। ইসলামাবাদের নীতিনির্ধারকদের ১৯৭১ সালের কথা মনে রাখা উচিত। সে সময় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করেছিল পাকিস্তান। বিশ্বরাজনীতিতে সেটি ছিল বড় একটি কূটনৈতিক ঘটনা। কিন্তু ওই সাফল্য পাকিস্তানকে অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় কোনো সহায়তা করতে পারেনি। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় ব্যর্থ হয়ে পাকিস্তান ভেঙে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের।
বর্তমানেও পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মানুষ মৌলিক অধিকারের দাবিতে ইসলামাবাদের আধিপত্যবাদী নীতি ও বলপ্রয়োগের বিরুদ্ধে বিক্ষোভ করছে। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্ত ও কূটনৈতিক সংকটও অব্যাহত রয়েছে।
অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশের সঙ্গে এমন অস্থিরতার মধ্যেও ইসলামাবাদ নিজেদের নতুন কূটনৈতিক পরিচয় গড়ে তুলতে মরিয়া। দেশটির সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে পাকিস্তানকে প্রভাবশালী ভূরাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তান এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখাতে পারেনি। ইসলামাবাদের উচিত নিজেদের সীমাবদ্ধতা অনুধাবন করা। একজন প্রকৃত ও যোগ্য মধ্যস্থতাকারীর সক্ষমতা নির্ভর করে বিবদমান পক্ষগুলোর আস্থা অর্জন এবং সমঝোতায় পৌঁছাতে কার্যকর ভূমিকা রাখার ওপর।
বৈশ্বিক সংকটে মধ্যস্থতার ভূমিকা নেওয়ার আগে পাকিস্তানের উচিত নিজেদের প্রাদেশিক সংকট ও আফগানিস্তানের সঙ্গে চলমান বিরোধ মেটানো। ইরানের সাম্প্রতিক অবস্থান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সক্ষমতা নিয়ে যে প্রশ্ন তুলেছে, ইসলামাবাদকে সেই বাস্তবতা উপলব্ধি করতে হবে।