✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২০, | ১২:২৫:০৫ |ব্রিটিশ এভিয়েশন বিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত এক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সাথে সংঘাতের আগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বহরে ৩৬টি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান থাকলেও বর্তমানে তা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। প্রকাশিত এই পরিসংখ্যান ওই সংঘাতের সময় ভারতের বেশ কয়েকটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইসলামাবাদের দাবিকেই জোরালো সমর্থন জোগাচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর বার্ষিক নির্দেশিকা ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে ৩২টি রাফাল যুদ্ধবিমান থাকার তথ্য তালিকাভুক্ত করেছে। ফরাসি ভাষায় ‘রাফাল’ শব্দের অর্থ দমকা হাওয়া। এটি ফ্রান্সের দাসো এভিয়েশনের নকশা করা ও নির্মিত একটি টুইন-জেট বা দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। ফরাসি এই প্রতিষ্ঠানটি বিমানটিকে বহুমুখী ভূমিকা পালনে সক্ষম হিসেবে সংজ্ঞায়িত করে, যা গভীর অভ্যন্তরে আঘাত হানা, পারমাণবিক প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি এবং জাহাজ বিধ্বংসী হামলার মতো অভিযান পরিচালনা করতে সক্ষম। যুদ্ধবিমানটি ইতিপূর্বে আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক, সিরিয়া এবং সবশেষ পাকিস্তান-ভারত রণাঙ্গনে যুদ্ধে ব্যবহৃত হয়েছে।
২০১৬ সালে ভারত ফ্রান্সের দাসো এভিয়েশনের কাছ থেকে প্রায় ৮৮০ কোটি ডলারের বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছিল। এছাড়া অতি সম্প্রতি দেশটি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার ক্রয়াদেশ দিয়েছে।
২০২৫ সালের মে মাসে অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। নয়াদিল্লি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিল যে ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। তবে পাকিস্তান এই জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দেওয়া ঘটনার বিবরণের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে জানায় যে, ভারতের বক্তব্য ‘বানোয়াট তথ্যে ভরপুর’।
চার দিনব্যাপী ওই সংঘাতে উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান এবং ড্রোন ব্যবহার করে, যাতে বহু মানুষ প্রাণ হারায়। একে অপরের বিমানঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার পর ১০ মে মার্কিন হস্তক্ষেপে শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছাতে সম্মত হয়।
সংঘাতের পরপরই পাকিস্তান জানিয়েছিল যে, তারা ওই যুদ্ধে ফরাসি নির্মিত রাফালসহ ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। নয়াদিল্লি সংঘাতের সময় ‘কিছু ক্ষয়ক্ষতির’ কথা স্বীকার করলেও ছয়টি যুদ্ধবিমান হারানোর দাবি নাকচ করে দেয়।
সে সময় ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে নিশ্চিত করেছিলেন যে, ভারতীয় বিমানবাহিনীর পরিচালিত একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের হাতে ভূপাতিত হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো অত্যাধুনিক এই ফরাসি যুদ্ধবিমান যুদ্ধে ধ্বংস হওয়ার নজির সৃষ্টি হয়। ওই ফরাসি কর্মকর্তা সিএনএন-কে আরও জানিয়েছিলেন, আকাশযুদ্ধে পাকিস্তানের হামলায় একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে কি না, ফরাসি কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।
চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী জানায়, ওই সংঘাতে তাদের ‘নিশ্চিত সাফল্যের’ বা ভূপাতিত করা যানের তালিকায় চারটি রাফাল, একটি সু-৩০, একটি মিগ-২৯, একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান এবং একটি মাল্টি-রোল মানবহীন আকাশযান বা ড্রোন অন্তর্ভুক্ত ছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার বলেছেন যে ওই সংঘাতের সময় বেশ কয়েকটি বিমান ভূপাতিত হয়েছিল। সবশেষ গত ফেব্রুয়ারিতে তিনি এই সংখ্যা ১০টি বলে উল্লেখ করেন। শুরুতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেও ট্রাম্প পর্যায়ক্রমে গত বছরের অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে সাতটি এবং নভেম্বরে আটটি বলে জানিয়েছিলেন।
প্রসঙ্গত, এভিয়েশন মিডিয়া আউটলেট ‘ফ্লাইটগ্লোবাল’ থেকে মাসিক ভিত্তিতে প্রকাশিত ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়। মহাকাশ ও বিমান চলাচল বিষয়ক এই সাময়িকীটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত এভিয়েশন সংবাদ সাময়িকী।
সূত্র: ডন