✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৭, | ১৪:০৭:৫৪ |অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে আলোচনায় এসেছে ২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি। সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ সেই ঘটনা নিয়ে নতুন কিছু দাবি ওঠার পর শুরু হয়েছে বিতর্ক। এবার এ বিষয়ে স্বামী উসমান খাজার প্রতি সমর্থন জানিয়েছেন তাঁর স্ত্রী র্যাচেল।
খাজার বইয়ে দাবি করা হয়েছে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের আলোচনা হয়েছিল এবং বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। তাঁর দাবি, দলের ড্রেসিংরুমের অনেকেই এ বিষয়ে জানতেন। তবে পরবর্তী সময়ে কেপটাউন টেস্টে বিষয়টি প্রকাশ্যে আসার পর শাস্তি পান অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।
খাজার এসব বক্তব্য অবশ্য অস্বীকার করেছেন ওই সময়ের অস্ট্রেলিয়া দলের কয়েকজন ক্রিকেটার। বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স সংবাদ সম্মেলনে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। মিচেল স্টার্কও জানিয়েছেন, বল টেম্পারিংয়ের বিষয়ে বোলারদের আগে থেকে কোনো ধারণা ছিল না। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়াও নতুন করে তদন্তের সম্ভাবনা নাকচ করেছে।
অন্যদিকে সাবেক অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার খাজার বক্তব্যকে সমর্থন করে সেগুলোকে ‘শতভাগ সত্যি’ বলে মন্তব্য করেছেন।
এবার স্বামীর বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন র্যাচেল। খাজার অভিযোগ নিয়ে প্রকাশিত সিডনি মর্নিং হেরাল্ড-এর একটি প্রতিবেদন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি সমালোচকদের বইটি পড়ার আহ্বান জানান।
র্যাচেল লিখেছেন, যারা মূল প্রতিবেদনটি পড়েননি, তাদের জন্য সেটি আবার শেয়ার করেছেন তিনি। পুরো ঘটনা বুঝতে প্রতিবেদনটি পড়ার পাশাপাশি খাজার বই পড়ারও পরামর্শ দেন।
তিনি আরও বলেন, স্যান্ডপেপারগেট বিতর্ক বইটির একটি অধ্যায় মাত্র। এটি উসমান খাজার আত্মজীবনী, যেখানে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। বিতর্কিত এই ঘটনাও তাঁর জীবনের গল্পের একটি অংশ।