✕

সর্বশেষ :

ফাঁকা বাড়িতে পড়ে ছিল প্রবাসীর দুই হাত বাঁধা মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৫, | ১৬:৪৪:০৮ |

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল (৫০) ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তিনি বড় ভাইয়ের বাড়িতে প্রতিদিনের খাবার খেতেন।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশের এলাকা ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির দরজার সামনে ফিরে এসে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। আজ মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..