✕

সর্বশেষ :
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫ ব্যাংক ধসের ঘটনায় অভিশংসিত প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে মামলা নাৎসি জার্মানির ইহুদিবিরোধী সহিংসতার শেষ সাক্ষীদের একজন ৯৪ বছর বয়সী জর্জ শেফি নিউজিল্যান্ডের নির্বাচন: এবার কী ঘটতে যাচ্ছে? করাচির রেস্তোরাঁয় রোবটের খাবার পরিবেশন, ভবিষ্যতের স্বাদ পাচ্ছেন ভোজনরসিকরা অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

তথ্য প্রকাশে রাজনৈতিক সিদ্ধান্তের সুযোগ রাখছে না সরকার : জোনায়েদ সাকি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৫:০৩:৩৪ |

তথ্য প্রকাশের ক্ষেত্রে সরকার রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বন্ধ করতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, সরকার পরিসংখ্যানের তথ্য প্রকাশে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের সুযোগ রাখছে না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরাসরি তথ্য সংগ্রহ ও প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে, যাতে তথ্যের বিকৃতি বা কারসাজির কোনো সুযোগ না থাকে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশকে নিয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হলো, কোথায় ভুল হচ্ছে এবং কোথায় সংশোধন প্রয়োজন, তা নির্ধারণে নির্ভরযোগ্য তথ্য অপরিহার্য। তথ্যের বিকৃতি হলে সরকার ভুল পথে পরিচালিত হবে এবং উন্নয়নের সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এ কারণে কোনো ধরনের তথ্য বিকৃতি সরকার করতে চায় না।

পরিসংখ্যানের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ জানিয়ে জোনায়েদ সাকি বলেন, পরিসংখ্যানের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। অতীতে পরিসংখ্যান নিয়ে নানা প্রশ্ন ও অসংগতি তৈরি হয়েছে। ফলে এখন সঠিক তথ্য প্রকাশ করলেও মানুষ তা বিশ্বাস করবে কি না, সেই প্রশ্ন রয়েছে। এ আস্থা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিগত দিনের জিডিপি হিসাবের ভিত্তি ও নির্ভরযোগ্যতা যাচাইয়ে গবেষণা করা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সহযোগিতায় পরিচালিত গবেষণায় জিডিপি নিরূপণের ক্ষেত্রে যথেষ্ট গলদ পাওয়া গেছে।

তিনি বলেন, পরিসংখ্যানের তথ্য সংগ্রহ ও প্রকাশে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। আগে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের ক্ষেত্রে মন্ত্রীর স্বাক্ষর বা অনুমোদনের প্রয়োজন হতো। এখন কম্পিউটার অ্যাসিস্টেড পদ্ধতিতে সরাসরি তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য ডেটাবেজে যুক্ত হওয়ার পর তা প্রকাশ করা হচ্ছে। ফলে তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পরিবর্তনের সুযোগ থাকছে না।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, শুধু নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করলেই হবে না, সেসব তথ্য সহজলভ্য করাও জরুরি। তথ্য বিশ্লেষণ ও গবেষণা কেবল সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থী, গবেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্যও তথ্য ব্যবহারের সুযোগ থাকতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় তথ্য সবার জন্য উন্মুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রযুক্তিগত অবকাঠামো তৈরির কাজ চলছে, যাতে দেশের যেকোনো স্থান কিংবা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এসব তথ্য ব্যবহার করা যায়।
তিনি আরও বলেন, তথ্য উন্মুক্ত হলে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজস্ব বিশ্লেষণ করতে পারবেন। এতে পরিসংখ্যানের ব্যবহার বাড়বে এবং তথ্যের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন উপস্থিত আছেন।

এবারের জাতীয় পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য ছিল ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..