✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৪:০৪:৪০ |পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কুয়াকাটর আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ ও আরও দুই সহকর্মী কুয়াকাটা ভ্রমণে এসে একটি অভিজাত আবাসিক হোটেল ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকযোগে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছলে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাবিলার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।