✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ২১:২০:০১ |হৃদযন্ত্রে অস্ত্রোপচার শেষে স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে দল ফিরেছেন। স্বাস্থ্যগত সমস্যার কারণে এই ফুটবলার নেশনস লিগের প্রথম ক্যাম্পটিতে অংশ নিতে পারেননি। তবে নাপোলিতে ফিরে চারটি গোল করার পর তিনি চলতি মাসে নর্থ মেসিডোনিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচের জন্য পুনরায় দলে ফিরে এসেছেন।
২৯ বছর বয়সী এই খেলোয়াড় সেপ্টেম্বরে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করানো হয়েছিল। পেশির সমস্যার কারণে গতবার দলের বাইরে থাকা তোরিনোর স্ট্রাইকার চে অ্যাডামসও দলে ফিরেছেন। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার জেমস পেনরাইস, তিনি গ্রিক ক্লাব এইকে এথেন্স থেকে বর্তমানে রেঞ্জার্সে ধারে খেলছেন।
সেল্টিকের লেফট-ব্যাক কিয়েরান টিয়ারনি প্রথম ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নিলেও এবার ফিরে এসেছেন। তবে ডিনামো জাগরেবের হয়ে খেলার সময় পিঠে চোট পাওয়ায় সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনা দলে জায়গা পাননি। এছাড়া জশ ডইগ, কোলবি ডনোভান, জেমস উইলসন এবং লেনন মিলারও এবারের দল থেকে বাদ পড়েছেন।
বার্কলেস হ্যাম্পডেনে কথা বলার সময় ৩৯ বছর বয়সী পোকোগনোলি বলেন, আমি প্রথম দিন থেকেই স্কটের সঙ্গে যোগাযোগ রেখেছি। শারীরিক সমস্যার কারণে সে প্রথম ক্যাম্পে থাকতে পারেনি। পুনর্বাসন প্রক্রিয়ার সময়ও আমাদের যোগাযোগ ছিল, এমনকি যখন সে মাঠে ফিরে এল, তখনও আমরা কথা বলেছি।
আসন্ন ২০২৮ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের কথা মাথায় রেখে বেলজিয়ান কোচ বলেন, আমি সবার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। তবে ইউরো বাছাইপর্ব শুরুর আগে যতটা সম্ভব তথ্য সংগ্রহের লক্ষ্যে আমি অধিকাংশ খেলোয়াড়কেই দেখে নিতে চাই।
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমার মূল লক্ষ্য হলো সুযোগটিকে কাজে লাগিয়ে নিজের স্কোয়াডকে গভীরভাবে জানা। বিভিন্ন পরিস্থিতিতে খেলোয়াড়দের শারীরিক ভাষা ও দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করা এবং বড় অভিযানের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা।
স্কটল্যান্ড বর্তমানে গ্রুপ বি১-এ চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। তারা স্লোভেনিয়ার চেয়ে তিন পয়েন্ট এবং পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সুইজারল্যান্ডের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে আছে। ১৩ নভেম্বর বার্কলেস হ্যাম্পডেনে স্কটল্যান্ড আতিথ্য দেবে নর্থ ম্যাসেডোনিয়াকে; এরপর তিন দিন পর তারা সুইজারল্যান্ড সফরে যাবে।