✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ২১:১৮:৩৭ |ভারতের গুজরাটে তিন বছর বয়সী এক শিশুকন্যা অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছে। খেলার সময় তার বুকে ঢুকে যাওয়া ধারালো কাঁচি সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করে এনেছেন আহমেদাবাদের সিভিল হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, কুচের এক পরিযায়ী শ্রমিক দম্পতির সন্তান শিশুটি পাঁচ বছর বয়সী ভাইয়ের সঙ্গে খেলার সময় দুর্ঘটনার শিকার হয়। এ সময় একটি কাঁচি তার বুকে ঢুকে যায়। দুর্ঘটনার পর শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে প্রাথমিক সিটি স্ক্যানের জন্য গান্ধিধামের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আঘাতের ভয়াবহতা বিবেচনায় চিকিৎসকরা তাকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ওই দিন রাত ১০টার দিকে শিশুটিকে সেখানে ভর্তি করা হয়। এরপর দ্রুত জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নেয়া হয়।
চিকিৎসকরা কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি ছাড়াই শিশুটির বুক থেকে কাঁচিটি বের করে আনতে সক্ষম হন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকদের ভাষ্য, শিশুটির প্রাণে বেঁচে যাওয়াটা ছিল বড় সৌভাগ্যের বিষয়। কাঁচিটি সামান্য ওপরের দিকে বা পাশ দিয়ে প্রবেশ করলে বড় কোনো রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারত। এমনকি শ্বাসনালিতে ছিদ্র কিংবা পাঁজরের মধ্যবর্তী রক্তনালিতে আঘাত লেগে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণও হতে পারত।
শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করে সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রাকেশ জোশী বলেন, অভিভাবকদের সব সময় খেয়াল রাখতে হবে, শিশুরা কী নিয়ে খেলছে। ধারালো বস্তু তাদের নাগালের বাইরে রাখা জরুরি।