✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ২১:১৭:২৯ |চীনে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে বিতর্কের রেশ এখনো কাটেনি। মাও সে তুংকে নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সমালোচনার প্রভাব পড়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচারেও। চীনের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এবারও দেখা যায়নি এমবাপ্পের দলের ম্যাচ।
গত রবিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। দেশটিতে স্প্যানিশ লিগের সম্প্রচার স্বত্ব থাকা চায়না মোবাইলের ডিজিটাল প্ল্যাটফর্ম মিগু ভিডিওতেও ম্যাচটি পাওয়া যায়নি। তবে একই দিনে অনুষ্ঠিত লা লিগার অন্য ম্যাচগুলো যথারীতি সম্প্রচার করা হয়েছে।
গত সপ্তাহে মাও সে তুংকে নিয়ে এমবাপ্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ তাঁর মন্তব্যকে আধুনিক চীনের প্রতিষ্ঠাতা নেতার প্রতি অসম্মানজনক হিসেবে দেখেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও ছড়িয়ে পড়ে সমালোচনা।
বিতর্কের জেরে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন এমবাপ্পের ম্যাচ সম্প্রচার বন্ধ করে দেয়। পাশাপাশি তাঁর বিজ্ঞাপন প্রচার থেকেও সরে আসে কয়েকটি প্রতিষ্ঠান। চীনের বেশ কয়েকটি বড় ভোক্তাপণ্য ব্র্যান্ডও ফরাসি এই ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তবে এরপরও চীনে তাঁর ম্যাচ সম্প্রচার স্বাভাবিক হয়নি।
এদিকে এমবাপ্পের সঙ্গে চুক্তিবদ্ধ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যেও সতর্কতা দেখা গেছে। সুইস ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান অন হোল্ডিংস এবং ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ডিওর গত সপ্তাহে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পেকে নিয়ে প্রকাশিত কিছু কনটেন্ট সরিয়ে নিয়েছে।
সূত্র: ব্লুমবার্গ