✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১২:০৬:০৯ |রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উজোবাজারে আইনশৃঙ্খলাবাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে। এতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল থেকেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে চট্টগ্রামের সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে আজ শনিবার সকাল থেকে এ অবরোধ শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলবে।
সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়েছেন অবরোধকারীরা। এ ছাড়া কুতুকছড়ি হাফ বাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।
রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘রাঙামাটি-চট্টগ্রাম রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।’
এদিকে রাঙামাটি লঞ্চ মালিক সমিতির রিজার্ভ বাজার লঞ্চঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, ‘সকাল থেকে লঞ্চ চলাচল করতেছে। আমাদের বিভিন্ন উপজেলায় সকাল থেকে লঞ্চ যাচ্ছে।’
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে। তবে আমাদের লোকজনদের বিভিন্ন এলাকায় পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনীরা বাধা প্রদান করছে।
রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন এলাকায় তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়ক, ১০ নম্বর এলাকা ও ১৪ কিলো এলাকাসহ সাজেক সড়কের বিভিন্ন এলাকায় অবরোধ পালন করছে অবরোধকারীরা।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ অব্যাহত রয়েছে, যানবাহন চলাচল করছে না। সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।