✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৪:০৫:৪৫ |জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফ আকবরের ছবি ও গুলিবিদ্ধ গাড়ির ছবি প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন ওমর সানি। সেখানে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এর আগে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলির ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
তবে এ বিষয়ে আসিফ আকবরের বক্তব্য না পাওয়া গেলেও তার স্ত্রী সালমা আসিফ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’ সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে স্বামীর নিরাপত্তা নিয়ে স্বস্তি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আসিফ আকবরের গাড়িতে গুলি চালানোর ঘটনায় শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রিয় শিল্পীর নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁর ভক্তরাও। এমন পরিস্থিতিতে ওমর সানির পোস্টের পর আসিফ আকবরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করছেন ভক্তরা।