✕

সর্বশেষ :
২০২৬ সালেই ১ কোটি ছাড়াবে চীনের গাড়ি রপ্তানি ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি আইপিএল: মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড গুলিস্তানে মতিউর পার্কের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র-ইসরায়েল ফের হামলা চালালে উপসাগরের সাবমেরিন ক্যাবল নিশানা করবে ইরান

ইনিংস ব্যবধানে হারের পর অজি দলে বড় পরিবর্তনের আভাস কামিন্সের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৪:১১:৪৪ |

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে ক্ষোভ ও হতাশা লুকাতে পারলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

নিজেদের এমন বাজে পারফরম্যান্সের পর দল যে আর কোনো অজুহাত দেওয়ার অবস্থায় নেই, তা সোজাসাপ্টা ভাষায় স্বীকার করে নিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের হারের পর আর ‘ভুল ঢেকে রাখা সম্ভব নয়।’

লজ্জাজনক এই হারের পর অজি অধিনায়ক স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সিরিজের পরবর্তী ম্যাচের একাদশে বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, মাঠের পারফরম্যান্সে ঘাটতি স্পষ্ট। ব্যর্থতা পর্যালোচনা করে দ্রুত কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দল হিসেবে ঘুরে দাঁড়াতে একাদশে প্রয়োজনীয় পরিবর্তন আনা ছাড়া আর কোনো পথ খোলা নেই।

গত ২২ অক্টোবর কেবেখার সেন্ট জর্জ পার্ক টেস্টে স্বাগতিক প্রোটিয়াদের কাছে স্রেফ উড়ে যায় অস্ট্রেলিয়া। চরম ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে  ক্যাঙ্গারুরা। বিশাল এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। আগামী সপ্তাহে কেপটাউনে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ টেস্টটিই এখন পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে।

ম্যাচের প্রথম ইনিংসে অজিদের ব্যাটিং লাইনআপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, অলআউট হয়ে যায় মাত্র ৯৯ রানে। দ্বিতীয় ইনিংসে ২৯৫ রান তুললেও ইনিংস পরাজয় এড়ানো সম্ভব হয়নি। পুরো ম্যাচে অজিদের একমাত্র ইতিবাচক প্রাপ্তি ছিল ট্র্যাভিস হেডের অনবদ্য ১২১ রান এবং নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডের ১৬৬ বলে লড়াকু ৪০ রানের বীরত্বপূর্ণ ইনিংস।

সিরিজের মাঝপথে এসে ক্যাঙ্গারুদের এমন যাচ্ছেতাই আত্মসমর্পণে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। শিরোনামে উঠে এসেছে ‘হরর শো’, ‘বিশৃঙ্খল অজি দল’ ও ‘নগ্ন করুণ ব্যর্থতা’-র মতো কড়া সব শব্দবন্ধ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের নিশ্চিতভাবেই এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয়, একটা জয় অনেক সময় দলের ভেতরের দুর্বলতা বা ক্ষতগুলোকে ঢেকে রাখে। কিন্তু বড় একটা হার খেলোয়াড় হিসেবে নিজের ভেতরের কঠিন প্রশ্নগুলো তুলে ধরে এবং নতুন করে জেগে উঠতে বাধ্য করে।’ 

কেপটাউন টেস্টের আগে অন্তত তিনজন অজি ক্রিকেটারের একাদশে থাকা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় মার্নাস লাবুশেন, যিনি দীর্ঘ তিন বছর ধরে টেস্টে কোনো শতকের মুখ দেখেননি। তিন নম্বরে নামা লাবুশেনকে নিয়ে কামিন্স বলেন, ‘সে আসলে কঠিন কাজটি করে ফেলছে, ৩০ রান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তবে তাকে বুঝতে হবে কীভাবে এই ৩০ রানের ইনিংসগুলোকে বড় স্কোরে রূপান্তর করা যায়। কারণ ৩০ রান আপনাকে ম্যাচ জেতাবে না। আগামী দু-একদিন আমরা এটা নিয়ে কাজ করব। সিরিজে আর মাত্র একটি টেস্ট বাকি, আমাদের যেকোনো মূল্যে এটি জিততেই হবে।’

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দলে ফেরা ওপেনার নিক ম্যাডিনসন এবং অফ-ফর্মে থাকা অলরাউন্ডার বো ওয়েবস্টারের জায়গাও চরম অনিশ্চয়তায় পড়েছে। চলতি সিরিজের চার ইনিংসে ম্যাডিনসনের ব্যাট থেকে এসেছে ০, ৪৮, ০ ও ৮ রান। আর পেস বোলিং অলরাউন্ডার ওয়েবস্টার ।

ইনজুরি কাটিয়ে কেপটাউনে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসও। পাশাপাশি স্কোয়াডে তরুণ কুপার কনোলির মতো বিকল্পকেও প্রস্তুত রাখা হচ্ছে। তবে কেবেখায় স্পিনার নাথান লায়নের জায়গায় একাদশে সুযোগ পাওয়া পেসার স্কট বোল্যান্ডকে একাদশ থেকে বাদ দেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য বেশ কঠিন সিদ্ধান্ত হবে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে নিজের দাবি জোরালো করে রেখেছেন তিনি।

কেপটাউনের পিচের মেজাজ বুঝে অস্ট্রেলিয়া কি আবারও চার পেসার নিয়ে নামবে, নাকি একাদশে ফেরানো হবে স্পিন জাদুকর লায়নকে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দল নির্বাচন নিয়ে শক্ত সিদ্ধান্ত নেওয়ার সংকেত দিয়ে কামিন্স বলেন, ‘এটাই আসল চ্যালেঞ্জ। আপনি কি কাউকে আরও একটা সুযোগ দেবেন, নাকি এখনই পরিবর্তনের সঠিক সময়? আপনাকে বুঝতে হবে কেউ কি একদম ফর্মে ফেরার কাছাকাছি দাঁড়িয়ে আছে, নাকি নতুন কাউকে নিয়ে আসার সময় পার হয়ে যাচ্ছে?’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..