✕

সর্বশেষ :
ফের পায়ে বল, ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন রোনালদিনহো ইনিংস ব্যবধানে হারের পর অজি দলে বড় পরিবর্তনের আভাস কামিন্সের ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা? ‘সালমান খানই ইন্ডাস্ট্রির একমাত্র টাইগার’, এই মন্তব্যেই কি হামলার শিকার টাইগার শ্রফ? চলতি সপ্তাহে ইরানে হামলা হতে পারে, জানিয়েছেন ট্রাম্পের দূত সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ওমর সানি বললেন ‘অশনি সংকেত’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

তাইওয়ানের চারপাশে মিলিশিয়া নৌযান, যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি বাড়াচ্ছে চীন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০১:১৮:১৭ |

তাইওয়ানের কোস্টগার্ড অভিযোগ করেছে, চীন তাদের মিলিশিয়া এবং কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করে তাইওয়ানের চারপাশ ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি’ সম্প্রসারিত করছে। গত আগস্টের মাঝামাঝি সময়ে তাইওয়ানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম কোনো চীনা মিলিশিয়া নৌযান শনাক্ত হওয়ার পর এই বিবৃতি দিল তারা। তাইওয়ানের দাবি, চীনের এসব কার্যক্রম জাপান ও ফিলিপাইনের ওপরও চাপ তৈরি করছে।

গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে চীনা মিলিশিয়া নৌযানের উপস্থিতির কথা জানানো হয়েছিল। তাইওয়ানের কোস্টগার্ড ওই প্রতিবেদন নিশ্চিত করে জানিয়েছে, গত ১৬ আগস্ট ‘মিনফুদংইয়ু ০৭৯০২’ নামের সন্দেহভাজন ওই মিলিশিয়া মাছ ধরার নৌকাটি তাইওয়ানের সংরক্ষিত জলসীমার মাত্র ২.৭ নটিক্যাল মাইল বাইরে অবস্থান করছিল। নৌকাটির সঙ্গে একটি চীনা কোস্টগার্ডের জাহাজ এবং একটি গবেষণায় ব্যবহৃত নৌযানও ছিল। পরিস্থিতি সামাল দিতে তাইওয়ান তাদের একটি টহল নৌযান পাঠিয়ে সেগুলোকে সরিয়ে দেয়।

তাইওয়ানের কোস্টগার্ড বলছে, গত জুন মাস থেকে চীন এমন অর্থনৈতিক জলসীমায় তাদের কার্যক্রম বাড়িয়েছে, যেখানে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের স্বার্থ জড়িত। বিশেষ করে জাপান ও ফিলিপাইন যখন নিজেদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সামুদ্রিক সীমানা নির্ধারণ নিয়ে আলোচনার ঘোষণা দেয়, এরপর থেকেই চীনের এই তৎপরতা বেড়েছে। চীনের এসব কার্যক্রমকে ‘গ্রে-জোন’ বা ধূসর অঞ্চলের অভিযান বলা হচ্ছে। তারা সরাসরি সংঘাতে না জড়িয়ে বৈজ্ঞানিক ও বেসামরিক কাজের আড়ালে সমুদ্রে নিজেদের প্রভাব বাড়াচ্ছে।

তাইওয়ানের কর্মকর্তারা মনে করেন, চীন সামরিক, আধা সামরিক ও বেসামরিক সম্পদের সমন্বয়ে একটি সম্ভাব্য নৌ অবরোধের মহড়া চালাচ্ছে। তাইওয়ানের পূর্ব উপকূলটি সামুদ্রিক যোগাযোগ ও সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে চীনের অব্যাহত উপস্থিতি তাইওয়ানের নিরাপত্তাজনিত চাপ আরও বাড়াতে পারে বলে কোস্টগার্ড জানিয়েছে। তারা সন্দেহভাজন নৌযানটিকে অগ্রাধিকারভিত্তিক নজরদারির তালিকায় রেখেছে।

চীন বরাবরই গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টিও উড়িয়ে দেয়নি। অন্যদিকে, তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে বলছে, কেবল তাদের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

চীনের প্রতিরক্ষামন্ত্রণালয়, ফিলিপাইনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রণালয় এবং জাপানের কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..