✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২১, | ১৫:২৯:২৭ |২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইনকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্ন মিউনিখের রহস্যময় পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তবে কেইনই যে এবারের ব্যালন ডি’অর জিতছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কালো স্যুট পরা কেইনের একটি ছবি প্রকাশ করে বায়ার্ন লিখেছে, ‘ইটস অলমোস্ট শোটাইম’ অর্থাৎ, মঞ্চে ওঠার সময় প্রায় এসে গেছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে বসার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের। বায়ার্নের এমন পোস্টের পর সমর্থকদের মধ্যে পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে।
গত মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ইংলিশ এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬১ গোল। তার পারফরম্যান্সে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছে বায়ার্ন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তার গোলসংখ্যা ৭৩।
কেইন এবার ব্যালন ডি’অর জিতলে মাইকেল ওয়েনের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করবেন। তবে বায়ার্নের রহস্যময় পোস্টটি পুরস্কার জয়ের নিশ্চিত ইঙ্গিত কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।