ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজের দরজা খুলে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলট উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন।
তবে ঢাকায় অবতরণের পর এয়ার অ্যাম্বুলেন্সে থাকা চিকিৎসাধীন ভারতীয় নারী রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ও জরুরি অবতরণের ঘটনা ঘটে।
মারা যাওয়া নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রী তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
যাত্রী তালিকা অনুযায়ী, অঞ্জনা ভৌমিকের সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। উড়োজাহাজটিতে দুই পাইলটসহ মোট সাতজন ছিলেন। পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।
যাত্রী তালিকার তথ্য অনুযায়ী, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটির মডেল সি৯০এ (C90A)। উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যায়। এ পরিস্থিতিতে পাইলট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।
তবে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..