ঢাকার ব্যস্ত সড়কে বের হলেই যানজট যেন নিত্যসঙ্গী। কখনও কয়েক মিনিট, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়। গন্তব্যে পৌঁছানোর তাড়া, চারপাশের হর্ন আর গাড়ির দীর্ঘ সারি—সব মিলিয়ে যানজটে আটকে থাকা সময়টা অনেকের কাছেই বিরক্তিকর হয়ে ওঠে। তবে একটু পরিকল্পনা করলে এই সময়টুকুও কাজে লাগানো যায়।
যানজটে আটকে গেলে ইন্টারনেট ছাড়া সময় কাটানোর কিছু সহজ উপায় হতে পারে—
১. গান শুনুন
আগে থেকেই ফোনে পছন্দের গান ডাউনলোড করে রাখুন। ইন্টারনেট ছাড়াই গান শুনতে শুনতে যানজটের বিরক্তি অনেকটাই কমে যেতে পারে।
২. ছবি তুলুন
ইন্টারনেট না থাকলেও মোবাইলের ক্যামেরা ব্যবহার করা যায়। চারপাশের শহুরে দৃশ্য, আকাশ, রাস্তার ব্যস্ততা কিংবা আলো-ছায়ার সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারেন।
৩. ডাউনলোড করা ভিডিও দেখুন
আগে থেকেই পছন্দের কিছু ভিডিও ফোনে ডাউনলোড করে রাখতে পারেন। ইন্টারনেট না থাকলেও সেগুলো দেখা যাবে। বিনোদনের পাশাপাশি শেখার ভিডিওও রাখা যেতে পারে।
৪. গেমস খেলুন
ইন্টারনেট ছাড়াই খেলা যায় এমন কিছু গেম ফোনে রাখতে পারেন। দীর্ঘ যানজটে আটকে থাকলে এগুলো খেলেও সময় কাটানো যায়। তবে অতিরিক্ত সময় গেমে না দেয়াই ভালো।
৫. পুরোনো ছবি দেখুন
ফোনে থাকা পুরোনো ছবি ও ভিডিও দেখতে পারেন। এতে ফিরে আসতে পারে অনেক পুরোনো স্মৃতি। পরিবারের ছবি দেখতে দেখতে হয়ত জ্যামের সময়টাও আনন্দে কেটে যাবে।
৬. নোট লিখে রাখুন
মনে থাকা কোনো কাজ, দিনের পরিকল্পনা কিংবা হঠাৎ আসা কোনো আইডিয়া মোবাইলের নোটে লিখে রাখতে পারেন। এর জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই।
৭. আশপাশের মানুষের সঙ্গে গল্প করুন
জ্যামে পাশে থাকা বন্ধু, সহকর্মী কিংবা পরিচিত কারও সঙ্গে গল্প করতে পারেন। কয়েক মিনিটের কথোপকথনও দীর্ঘ যানজটকে অনেকটা সহজ করে দিতে পারে।
৮. দিনের কাজের পরিকল্পনা করুন
অফিস বা ব্যক্তিগত কাজের তালিকা মাথায় গুছিয়ে নিতে পারেন। কোন কাজ আগে করবেন, কোনটা পরে—সেটা ঠিক করে রাখলে পরে সময় বাঁচতে পারে।
৯. চারপাশের দৃশ্য উপভোগ করুন
সবসময় মোবাইলের পর্দায় চোখ আটকে না রেখে জানালার বাইরে তাকান। রাস্তার মানুষ, দোকানপাট, যানবাহন কিংবা শহরের ব্যস্ততা দেখতে দেখতেই সময় কেটে যেতে পারে।
১০. নিজের ছোটবেলার স্বপ্নগুলো ভাবুন
জ্যামে বসে থাকা সময়টাকে নিজের ভেতরে ফিরে তাকানোর সুযোগ হিসেবেও নিতে পারেন। ছোটবেলায় কী হতে চেয়েছিলেন, কী কী স্বপ্ন দেখতেন—সেসব ভাবতে পারেন। সময়ের সঙ্গে কোন স্বপ্নগুলো বদলে গেছে, আর কোনগুলো এখনো মনে লুকিয়ে আছে, তা ভাবতে ভাবতেই হয়ত নতুন কোনো লক্ষ্যও খুঁজে পেতে পারেন।
১১. কিছুক্ষণ শান্ত থাকুন
সব সময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার প্রয়োজন নেই। ফোনটা কিছুক্ষণের জন্য পাশে রেখে চুপচাপ বসে থাকা, গভীরভাবে শ্বাস নেয়া কিংবা নিজের দিনের কথা ভাবাও মানসিকভাবে স্বস্তি দিতে পারে।
ইন্টারনেট না থাকা মানেই সময় নষ্ট হওয়া নয়। বরং যানজটে আটকে থাকা সময়টাকে নিজের জন্য ছোট্ট একটি বিরতি হিসেবে ব্যবহার করা যায়। গান শোনা, ছবি তোলা, ডাউনলোড করা ভিডিও দেখা, গেম খেলা, পুরোনো স্মৃতি মনে করা কিংবা ছোটবেলার স্বপ্নে ফিরে যাওয়া—ইন্টারনেট ছাড়াও জ্যামের সময়টা হয়ে উঠতে পারে বেশ উপভোগ্য।
এ জাতীয় আরো খবর..