পাঁচ মিনিটে চার্জ হবে বিওয়াইডির এসইউভি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ০১:৩৫:৪১ |
চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বাজারে আনছে নতুন বৈদ্যুতিক এসইউভি গাড়ি। ডেনজা এন৮ মডেলের এই নতুন সংস্করণে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি। বিওয়াইডি জানিয়েছে, এই গাড়ির রেঞ্জ হবে ১ হাজার ৩ কিলোমিটার। এছাড়া গাড়িটি মাত্র পাঁচ মিনিটে চার্জ করা যাবে।

ডেনজা এন৮ মডেলটি প্রথমবার চীনের বাজারে আসে ২০২৩ সালে। তখন এটি ছিল মাঝারি থেকে বড় আকারের বিলাসবহুল এসইউভি গাড়ি। শুরুতে এটি প্লাগ ইন হাইব্রিড পাওয়ারট্রেন নিয়ে বাজারে এসেছিল। সেই সংস্করণে একবার ফুল চার্জ ও ট্যাংক ভর্তি জ্বালানি নিয়ে ১ হাজার ৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যেত। প্লাগ ইন হাইব্রিড সংস্করণটি তখন ছয় ও সাত আসনের কনফিগারেশনে বিক্রি করা হতো। তবে বাজারে বিক্রি আশানুরূপ না হওয়ায় এক বছরেরও কম সময়ের মধ্যে এর উৎপাদন পুরোপুরি বন্ধ করা হয়।

এখন বিওয়াইডি মডেলটিকে নতুনভাবে সাজিয়েছে। একে সম্পূর্ণ বৈদ্যুতিক পাওয়ারট্রেন দিয়ে আপগ্রেড করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি। ডেনজা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নতুন এই পাঁচ আসনের বৈদ্যুতিক গাড়িতে বিওয়াইডির সর্বাধুনিক ব্লেড ব্যাটারি ২.০ যুক্ত করা হয়েছে। এর ফলে এটি বিশুদ্ধ বৈদ্যুতিক রেঞ্জে ১ হাজার ৩ কিলোমিটার চলতে পারবে। অর্থাৎ, পুরোনো হাইব্রিড সংস্করণের সমান রেঞ্জ এবার পাওয়া যাবে শুধু বৈদ্যুতিক শক্তিতে।

গাড়িটিতে বিওয়াইডির অত্যাধুনিক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে গাড়িটির ব্যাটারি ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় নেবে মাত্র পাঁচ মিনিট। আর ১০ শতাংশ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় লাগবে মাত্র ৯ মিনিট।

নতুন ডেনজা এন৮ মডেলের সব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন শক্তির যানবাহনের তালিকায় গত সপ্তাহে এটি তালিকাভুক্ত হয়েছে। সেখান থেকে গাড়িটির বেশকিছু কারিগরি তথ্য জানা গেছে। সেই নথিপত্র অনুযায়ী, নতুন ডেনজা এন৮ বৈদ্যুতিক গাড়ির মোট দৈর্ঘ্য ৫ হাজার ১৫০ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৯৯৯ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৮২০ মিলিমিটার। গাড়িটির হুইলবেস রাখা হয়েছে ৩ হাজার ৭৫ মিলিমিটার।

গাড়িটিতে ১৩০ দশমিক ১৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতার একটি বিশাল ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই পাঁচ আসনের বৈদ্যুতিক এসইউভি গাড়িটি সিঙ্গেল রিয়ার হুইল ড্রাইভ বা ট্রাই মোটর অল হুইল ড্রাইভ পাওয়ারট্রেন নিয়ে বাজারে পাওয়া যাবে। রিয়ার হুইল ড্রাইভ সংস্করণে একটি মোটর থাকবে, যার আউটপুট ৩২০ কিলোওয়াট বা ৩৭০ কিলোওয়াট হতে পারে।

বিওয়াইডির ই৩ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি ট্রাই মোটর ডেনজা এন৮ মডেলে ২৭০ কিলোওয়াট ক্ষমতার একটি ফ্রন্ট মোটর এবং ৩১০ কিলোওয়াট ক্ষমতার দুটি রিয়ার মোটর থাকবে। এগুলো সম্মিলিতভাবে ৮৯০ কিলোওয়াট বা ১ হাজার ১৯৩ অশ্বশক্তি তৈরি করতে সক্ষম। নতুন বৈদ্যুতিক সংস্করণের আকার ও গঠন অনেকটা বড় আকারের ডেনজা এন৮এল মডেলের মতো দেখতে। গত জুনে ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিসহ ডেনজা এন৮এল মডেলটি বাজারে এনেছিল বিওয়াইডি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..