মার্সিডিজের নতুন বৈদ্যুতিক জিএলএ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ২৩:১৫:৩৯ |

জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ তাদের সবচেয়ে ছোট এসইউভি ‘জিএলএ’-এর নতুন বৈদ্যুতিক সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই মডেলে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা আগের চেয়ে আকারে বড়, বেশি প্রশস্ত এবং এতে যুক্ত করা হয়েছে দ্রুত চার্জিংয়ের দুর্দান্ত সুবিধা।

মার্সিডিজ-বেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ওলা কেলেনিয়াস নতুন এই গাড়িকে প্রতিষ্ঠানটির তৈরি ‘সবচেয়ে আকর্ষণীয় জিএলএ’ হিসেবে বর্ণনা করেছেন। ২০২৭ সালের দ্বিতীয় ভাগে গাড়িটি বিশ্বের বিভিন্ন দেশের বিক্রয়কেন্দ্রগুলোয় পাওয়া যাবে।

নতুন ২০২৮ মার্সিডিজ জিএলএ ইভি তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব ‘মার্সিডিজ মডুলার আর্কিটেকচার’ (এমএমএ) প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। সিএলএ এবং জিএলবি মডেলের পর এবার এই কম্প্যাক্ট মডেলেও আধুনিক প্ল্যাটফর্মটি ব্যবহার করা হলো। গাড়িটিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে মার্সিডিজের আলো ঝলমলে আইকনিক গ্রিল এবং ডে-টাইম রানিং লাইটের সঙ্গে স্টার-সংবলিত ‘ইন্টেলিজেন্ট লাইট সিস্টেম’।

গাড়িটির হুইলবেস আগের চেয়ে ২.৪ ইঞ্চি বাড়িয়ে ১০৯.৮ ইঞ্চি করা হয়েছে। ফলে এর ভেতরে যাত্রীদের বসার জন্য অতিরিক্ত জায়গা তৈরি হয়েছে। চালক ও সামনের যাত্রীর পায়ের জন্য ০.৩ ইঞ্চি এবং পেছনের সারির যাত্রীদের জন্য ১.৫ ইঞ্চি পর্যন্ত বেশি জায়গা মিলবে। পাশাপাশি বিশেষ ছাদের নকশা ও প্যানোরামিক গ্লাস রুফের কারণে মাথার ওপরেও মিলবে ০.৯ ইঞ্চি অতিরিক্ত খালি জায়গা।

গাড়ির আধুনিক ড্যাশবোর্ডে যুক্ত করা হয়েছে ভাসমান ‘এমবিইউএক্স সুপারস্ক্রিন’। এতে ১০.২৫ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে, ১৪ ইঞ্চির সেন্ট্রাল ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং যাত্রীদের জন্য আলাদা ১৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। গুগল ম্যাপস-চালিত গুগল ক্লাউডের নতুন ‘অটোমোটিভ এআই এজেন্ট’ প্রথম ব্যবহার করা হয়েছে এর উন্নত নেভিগেশন সিস্টেমে। চালকরা এমবিইউএক্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সহজেই কাছাকাছি চার্জিং স্টেশন ও চার্জিং গতির তথ্য দেখতে পাবেন।

মার্সিডিজের এই নতুন জিএলএ ইভি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাবে ২৬৮ হর্সপাওয়ারের ‘২৫০ প্লাস’ এবং ৩৪৯ হর্সপাওয়ারের অল-উইল ড্রাইভ ‘৩৫০ ফোর-ম্যাটিক’। দুটি মডেলে রয়েছে শক্তিশালী ৮৫ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি। ডব্লিউএলটিপি মানদণ্ড অনুযায়ী একবার চার্জে গাড়িটি প্রায় ৪০৮ মাইল বা ৬৫৭ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এর ৮০০ ভোল্টের প্রযুক্তি ও ৩২০ কিলোওয়াটের ডিসি ফাস্ট চার্জার দিয়ে মাত্র ১০ মিনিটে ২৭০ কিলোমিটার চলার উপযোগী চার্জ নেওয়া সম্ভব।

যুক্তরাষ্ট্রের বাজারে গাড়িটির প্রাথমিক সম্ভাব্য দাম ধরা হতে পারে প্রায় ৪৫ হাজার মার্কিন ডলার, যেখানে ইপিএ মান অনুযায়ী এর আনুমানিক ড্রাইভিং রেঞ্জ হবে প্রায় ৩৫০ মাইল। গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক ও হাইব্রিড উভয় সংস্করণে ক্রেতাদের জন্য বাজারে আনা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..