এক ইলিশের দাম ১০ হাজার ৫৫০ টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:৪৬:৫৯ |
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি ইলিশ নিলামে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ওই ইলিশ মাছটি নিলামে তোলা হয়। নিলামে রিয়াজ বেপারি নামের এক মাছ ব্যবসায়ী সর্বোচ্চ দাম হাঁকিয়ে ১০ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন। 

মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, সোমবার সকালে স্থানীয় জেলে মনু মাঝিসহ কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটি পান। পরে মাছটি তার আড়তে নিয়ে আসা হলে নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন রিয়াজ বেপারি।

মাছ ব্যবসায়ী রিয়াজ বেপারি বলেন, বাজারে বড় আকৃতির ইলিশের চাহিদা বেশি থাকায় নিলামে অংশ নিয়ে মাছটি কেনেন তিনি। এটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হবে। সেখানে প্রতি কেজি প্রায় ছয় হাজার টাকা দরে মাছটি বিক্রি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। নদীতে সাধারণত এত বড় ইলিশ ধরা পড়ে না। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দু’টোই বেশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..