নতুন ফিল্ডিং কোচ পেল ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১১:০২:০২ |

ভারত জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। আগের ফিল্ডিং কোচ টি দিলীপের সাথে চুক্তি নবায়ন করেনি বিসিসিআই। শ্রীলঙ্কা সফরের আগে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শুভদীপকে। 

৫৭ বছর বয়সী শুভদীপ ঘোষ ভারতের ক্রিকেটে বেশ পরিচিত মুখ। এর আগে ভারত নারী দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। ২ বছর সেই দলের সাথে কাজ করেছেন। দায়িত্বে ছিলেন ২০২২ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও।

এছাড়া ভারত ‘এ’ দল এবং রাজ্য দল আসামের সিনিয়র দলের কোচ হিসেবেও কাজ করেছেন শুভদীপ ঘোষ। খেলোয়াড় হিসেবে ১৭টি করে প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন শুভদীপ। আসাম এবং রেলওয়ের হয়ে খেলেছিলেন ঘরোয়া ক্রিকেটে।

টি দিলীপ ২০২১ সাল থেকে ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ ছিলেন। রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের একমাত্র সদস্য হিসেবে গৌতম গম্ভীরের কোচিং স্টাফেও তাকে রেখে দিয়েছিল বিসিসিআই। ২০২৫ সালের মাঝামাঝি ইংল্যান্ড সফর দিয়ে আবারও ফিল্ডিং কোচের দায়িত্বে ফেরেন দিলীপ। তাকে এক বছরের চুক্তি দিয়েছিল বিসিসিআই। সেই চুক্তির মেয়াদ শেষে আর চুক্তি নবায়ন করা হয়নি।

দিলীপ ছাড়াও ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটও নিজের পদ থেকে বিদায় নিয়েছেন। ২ বছরের চুক্তি শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করতে রাজি ছিলেন না টেন ডেসকাট। ফিরে গেছেন পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে, হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজির দায়িত্ব নিয়ে।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। ১৫ আগস্ট গলে প্রথম টেস্ট এবং ২৩ আগস্ট দ্বিতীয় টেস্ট কলম্বোতে মাঠে গড়াবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..