✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১৯:৩৭:৫০ |ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনার উদ্দেশে ছেড়ে আসা ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান উদ্দিন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ২১ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা আক্তার বলেন, দুর্ঘটনায় আহত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।