আসছে রেঞ্জ রোভারের নতুন ইলেকট্রিক জিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১৩:৫২:৩৮ |
রেঞ্জ রোভার তাদের লাইনআপে যুক্ত করতে যাচ্ছে নতুন একটি মডেল। ব্র্যান্ডটির পঞ্চম মডেলটির নাম দেওয়া হয়েছে জিটি। তবে গাড়িটি আসলে কেমন হবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট করে বলা যাচ্ছে না। সম্প্রতি বিশেষ মোড়কে ঢাকা একটি প্রোটোটাইপের ছবি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই প্রোটোটাইপের নিচে লুকিয়ে আছে একটি নতুন বৈদ্যুতিক জিটি বা গ্র্যান্ড ট্যুরার।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, এই গাড়ি রেঞ্জ রোভারের ইতিহাসে সবচেয়ে বেশি সাধারণ প্রাইভেট কারের মতো ড্রাইভিং অভিজ্ঞতা দেবে। সেই সঙ্গে এতে একটি আকর্ষণীয় নতুন বৈদ্যুতিক গাড়ির নকশা তুলে ধরা হয়েছে।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, প্রোটোটাইপ মডেলটিকে খুব ভালোভাবে ঢেকে রাখা হয়েছে। রেঞ্জ রোভারের আগের যেকোনো মডেলের চেয়ে এর ছাদ বেশ নিচু। এমনকি ইভোক মডেলের চেয়েও এর রুফলাইন কম উচ্চতার। এর পেছনের দিকে রয়েছে একটি ঢালু ফাস্টব্যাক নকশা। গাড়ির বেল্টলাইন পর্যন্ত এবং জানালার নিচের অংশ দেখলে এটিকে অনেকটা এসইউভির মতো মনে হয়। তবে পাশ থেকে দেখলে গাড়িটিকে ডজ ম্যাগনাম ওয়াগনের একটি ছোট সংস্করণের মতো দেখায়। 

রেঞ্জ রোভার জানিয়েছে, এটি তাদের তৈরি এযাবৎকালের সবচেয়ে বেশি ‘কার-লাইক’ গাড়ি। তাই অনেকে ধারণা করছেন, হ্যান্ডলিংয়ের দিক থেকে এটি হয়তো রেঞ্জ রোভারের সেরা গাড়ি হতে যাচ্ছে। গাড়িটির আকার ও পাওয়ারট্রেন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। চলতি বছরের শেষের দিকে বিষয়গুলো বিস্তারিত জানা যাবে।

তবে রেঞ্জ রোভার নিশ্চিত করেছে যে নতুন এই জিটি মডেলটি একটি বৈদ্যুতিক গাড়ি হবে। এটি হবে নতুন ইএমএ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি রেঞ্জ রোভারের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি। যুক্তরাজ্যের হেলউড কারখানায় আইসিই এবং হাইব্রিড মডেলগুলোর পাশাপাশি এই নতুন মডেলটির উৎপাদন করা হবে। রেঞ্জ রোভার আরও জানিয়েছে, রেঞ্জ রোভার জিটি প্রাথমিকভাবে একটি ব্যাটারি ইলেকট্রিক ভেহিক্যাল হিসেবে বাজারে আসবে। তবে পরবর্তী সময়ে এতে একটি সম্পূর্ণ হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল বিকল্প যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

জাগুয়ার ল্যান্ড রোভারের একটি বিশেষায়িত প্ল্যাটফর্ম হচ্ছে ইলেকট্রিফায়েড মডুলার আর্কিটেকচার (ইএমএ)। এটি তাদের পরবর্তী প্রজন্মের মাঝারি আকারের প্রিমিয়াম গাড়িগুলোর জন্য তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং সম্পূর্ণ হাইব্রিড উভয় পাওয়ারট্রেন সমর্থন করে। অতি দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৮০০ ভোল্টের বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইএমএ প্ল্যাটফর্মটি জাগুয়ার ল্যান্ড রোভারের অন্য মাঝারি আকারের মডেলগুলোর ভিত্তি হিসেবে কাজ করবে। এর মধ্যে আসন্ন ডিফেন্ডার স্পোর্ট এবং রেঞ্জ রোভার ইভোক থাকতে পারে। এটি জাগুয়ার ল্যান্ড রোভারের তৈরি করা তৃতীয় ইভি বা পিএইচইভি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

রেঞ্জ রোভার গাড়িটির ভেতরের কিছু ছবিও প্রকাশ করেছে। সেখানে অত্যন্ত ছিমছাম একটি নকশা দেখা গেছে। চালকের সামনে ইনস্ট্রুমেন্ট গেজের একটি পাতলা স্ট্রিপ এবং ড্যাশবোর্ডের মাঝখানে একটি ভাসমান ইনফোটেইনমেন্ট স্ক্রিন রয়েছে। রেঞ্জ রোভার জানিয়েছে, জিটি মডেলের ভেতরের অংশটি বাইরের মতো একই নীতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। এখানে বিশুদ্ধতা ও আধুনিকতার ওপর জোর দেওয়া হয়েছে। এতে প্রথাগত ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের বদলে চালকের জন্য একটি নতুন সিঙ্গেল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কেবিনের প্রস্থজুড়ে একটি লুকানো এয়ার ভেন্ট রয়েছে, যা রেঞ্জ রোভারের একটি পরিচিত বৈশিষ্ট্য। গাড়িটির ড্যাশবোর্ডটিকে অত্যন্ত সুন্দর ও টেকসই বোনা কাপড় দিয়ে মোড়ানো হয়েছে। এই নকশার ভেতরেই স্পিকারগুলো লুকিয়ে রাখা হয়েছে।

গাড়িটির পরীক্ষামূলক মোড়কটি সম্পর্কে রেঞ্জ রোভার জানিয়েছে, তাদের নিজস্ব ক্রিয়েটিভ দল এই মোড়কের নকশা করেছে। গেইডন এলাকার প্রাকৃতিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই ক্যামোফ্লেজ তৈরি করা হয়েছে। এতে স্থানীয় ভৌগোলিক রূপরেখাকে ভিত্তি হিসেবে ব্যবহার করে একটি প্রবহমান সোনালি প্যাটার্ন তৈরি করা হয়েছে। এটি গাড়িটির গ্র্যান্ড ট্যুরিং চরিত্রকে ফুটিয়ে তোলে। এর ডিজিটাল নান্দনিকতা গাড়িটির উন্নত প্রযুক্তির প্রতিফলন ঘটায়। কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে নতুন রেঞ্জ রোভার জিটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..