হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এলো মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ১৫:০৩:৩৭ |

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ডেগিরচরের একটি বনে মরদেহটি আটকা পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে।

পরে রাত ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তির পরনে একটি আন্ডারওয়্যার ও গায়ে হাফ টি-শার্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসে বনের মধ্যে আটকা পড়ে।

এর আগে, গত ১৬ জুলাই হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেটসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগান থেকেও অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..