পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:০২:১৭ |

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় খাগড়াছড়ির সঙ্গে মহালছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বুধবার সকাল থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বৃষ্টি কিছুটা কমলেও চেঙ্গী নদীর পানি সামান্য নেমেছিল।

খাগড়াছড়ি শহরের মেহেদীবাগ, গঞ্জপাড়া, শব্দমিয়া পাড়া, শ্রীনগর, কালাডেবাসহ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। শহরের সবজিবাজার, শুটকি মার্কেট ও গরুর বাজারও পানির নিচে তলিয়ে গেছে।

বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার গবাদিপশু নিয়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানিয়েছেন, জেলার নয়টি উপজেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টি অব্যাহত থাকলে জেলার আরও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..