✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-৩০, | ১৭:০৯:৫৯ |রাজধানীর উত্তরার আজমপুরে ট্রেনের ধাক্কায় শাহনাজ (৫৫) নামে এক দিনমজুর নারী নিহত হয়েছেন।
সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল সুন্দর আলী। সেখান থেকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
শাহনাজ বেগম জামালপুর মাদারগঞ্জ উপজেলার মৃত মিলন মিয়ার স্ত্রী। বর্তমানে টঙ্গী রেলগেট এলাকায় থাকতেন।
নিহতের ছেলে সুজন বলেন, আমি সংবাদ পেয়ে হাসপাতালে এসে মায়ের মরদেহ পাই।
তিনি জানান, তার মা শাহনাজ বেগম দিনমজুরের কাজ করেন। তিনি উত্তরা আজমপুরে ডালাইয়ের কাজ শেষে বাসায় ফিরছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময়ে দু'দিক থেকে দুটি ট্রেনের মাঝে পড়ে। এ সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছেন।