✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১১:০৩:৪৬ |বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজধানী ঢাকাও আবারও অস্বাস্থ্যকর বায়ুর কবলে পড়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৭ নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে। একই সঙ্গে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান রয়েছে অষ্টম স্থানে।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুমান সূচক ১৮৬। দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৫৯। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫৭। এছাড়া ভারতের কলকাতা ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং উগান্ডার রাজধানী কাম্পালা ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১-এর বেশি স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।