স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ১৭’ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সুবিধাজনক করে তুলবে।
চলতি মাসের ১৬ তারিখ থেকে গুগলের বিভিন্ন ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে গুগলের নিজস্ব পিক্সেলের হ্যান্ডসেটে এই আপডেট পৌঁছে গেছে। পাশাপাশি পিক্সেল ১০ প্রো ফোল্ড, পিক্সেল ফোল্ড এবং পিক্সেল ট্যাবলেটেও সর্বশেষ এই অ্যান্ড্রয়েড সংস্করণ ডাউনলোড করা যাচ্ছে।
তবে এখনও সব অঞ্চলে আপডেটটি পুরোপুরি উন্মুক্ত হয়নি। স্যামসাং, মটোরোলা ও শাওমি ডিভাইসেও আগামী কয়েক মাসের মধ্যে নতুন অ্যান্ড্রয়েডভিত্তিক আপডেট চালু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চলুন জেনে নেয়া যাক, অ্যান্ড্রয়েড ১৭–এর প্রধান নতুন ফিচারগুলো—
বাবল ফিচারের সম্প্রসারণ
আগে মেসেজিং অ্যাপে সীমিতভাবে বাবলস ফিচার ব্যবহার করা হতো। এখন এই সুবিধা আরও বিস্তৃত করা হচ্ছে বিভিন্ন অ্যাপে। এর ফলে নির্দিষ্ট অ্যাপের কার্যক্রম বা কথোপকথন স্ক্রিনে ভাসমান ছোট বাবল আকারে দেখা যাবে।
ব্যবহারকারীরা এসব বাবল স্ক্রিনের যেকোনো জায়গায় সরাতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত খুলতে বা বন্ধ করতে পারবেন। এতে একসঙ্গে একাধিক অ্যাপ বা কথোপকথন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ হবে।
গুগলের মতে, এই নতুন মাল্টিটাস্কিং সুবিধা ম্যাপস, নোটস কিংবা ভিডিও কনটেন্ট ব্যবহারের সময় আরও কার্যকর ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা দেবে।
স্ক্রিন রিঅ্যাকশন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও তৈরি আরও সহজ করতে গুগল নিয়ে এসেছে ‘স্ক্রিন রিঅ্যাকশন’ নামের নতুন টুল। এর মাধ্যমে একই সঙ্গে ফোনের স্ক্রিনে যা দেখা যাচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহারকারীর প্রতিক্রিয়া—দুটিই রেকর্ড করা যাবে।
সহজভাবে বললে, ওয়েবসাইট ব্রাউজ করা, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও মন্তব্য নিয়ে কথা বলার সময় ব্যবহারকারীর মুখ ও কণ্ঠস্বর স্ক্রিন রেকর্ডিংয়ের ওপরেই দেখা যাবে।
এর জন্য আলাদা অ্যাপ, গ্রিন স্ক্রিন বা জটিল এডিটিংয়ের প্রয়োজন হবে না। এক্সপ্লেইনার ভিডিও তৈরিকে সহজ করতেই এই ফিচার আনা হয়েছে। গুগল জানিয়েছে, এটি প্রথমে চলতি গ্রীষ্মেই পিক্সেল ফোনে চালু করা হবে।
ফোল্ডেবল ডিভাইসে গেমিং
ফোল্ডেবল ডিভাইসের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গেমারদের জন্য নতুন ফিচার এনেছে গুগল। এই সুবিধায় ফোল্ডেবল ডিভাইসের ওপরের অংশে গেম চলবে এবং নিচের অংশটি ভার্চুয়াল গেমপ্যাড হিসেবে কাজ করবে।
এছাড়া ফিজিক্যাল গেমপ্যাড সংযুক্ত করার সুবিধাও থাকবে নতুন অ্যান্ড্রয়েডে। উচ্চমানের গেমিংয়ের সময় ফ্রেমরেট কমে যাওয়া বা ল্যাগের সমস্যা কমাতে উন্নত মেমোরি ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অপটিমাইজেশন ফিচারও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল।
বাড়ছে ব্যক্তিগত গোপনীয়তা ও ডিভাইসের সুরক্ষা
গুগলের দাবি, নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে।
এখন থেকে কোনো অ্যাপকে স্থায়ী অনুমতি না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সীমিত লোকেশন ব্যবহারের সুযোগ দেওয়া যাবে। একইভাবে, কনট্যাক্ট শেয়ার করার সময় পুরো ফোনবুক না খুলে শুধু নির্বাচিত ব্যক্তিদের তথ্য শেয়ার করা সম্ভব হবে।
একটি উন্নত ‘ফাইন্ড হাব’ ফিচারও যুক্ত হচ্ছে, যার মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনকে বায়োমেট্রিক্স—যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে লক করা যাবে। এতে পাসকোড জানা থাকলেও কেউ ডিভাইসে প্রবেশ বা ট্র্যাকিং বন্ধ করতে পারবে না।
এছাড়া পিন কোড অনুমানের সুযোগ সীমিত করা হয়েছে। ভুল পিন বারবার দিলে অপেক্ষার সময় বাড়বে, ফলে ব্রুট-ফোর্স আক্রমণ থেকে ডিভাইস আরও সুরক্ষিত থাকবে।
‘লাইভ থ্রেট ডিটেকশন’ আরও উন্নত করা হয়েছে, যাতে সন্দেহজনক অ্যাপ ও প্রতারণার চেষ্টা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়। পাশাপাশি ‘অ্যাডভান্সড প্রোটেকশন মোড’ আরও বিস্তৃত করা হয়েছে, যা জটিল ও উন্নত সাইবার হামলা থেকে অতিরিক্ত সুরক্ষা দেবে।
ছোটখাট ফিচার
বড় পরিবর্তনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৭–এ আরও কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
এর মধ্যে রয়েছে—
১. হোম স্ক্রিনে অ্যাপের নাম লুকানোর সুবিধা
২. গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা ভলিউম কন্ট্রোল
৩. ডার্ক থিমে আরও কাস্টমাইজেশন সেটিংস
৪. সব অ্যান্ড্রয়েড ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোলের সম্প্রসারণ
এছাড়া নতুনভাবে অ্যাপ মেমোরি লিমিট যুক্ত করা হয়েছে, যার ফলে কোনো অ্যাপ অতিরিক্ত র্যাম ব্যবহার করতে পারবে না। গুগলের দাবি, এতে ডিভাইসের পারফরম্যান্স এবং ব্যাটারির স্থায়িত্ব আরও উন্নত হবে।
সবশেষে, নির্বাচিত কিছু হাই-এন্ড ডিভাইসে চলতি গ্রীষ্মের শেষ দিকে ‘জেমিনাই ইন্টেলিজেন্স’ নামের একটি অন-ডিভাইস এআই ফিচার সেট পাওয়া যাবে। এটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। তবে এতে ঠিক কী কী ফিচার থাকবে, তা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।
এ জাতীয় আরো খবর..