দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। রোববার (১৪ জুন) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।
তিনি বলেন, ‘মুস্তাফা মনোয়ার নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত (নিউমোনিয়ার ব্যাকটেরিয়া হলো একদল ক্ষতিকারক জীবাণু, যা ফুসফুসে সংক্রমণ ঘটায়) হয়েছেন। এই ব্যাকটেরিয়াটা খুব খারাপ। নিউমোনিয়ার মধ্যে অনেক রকম নিউমোনিয়া আছে। এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো ছিল ওগুলো এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে।’
তিনি আরও জানান, গত দুবছর ধরে মুস্তাফা মনোয়ারকে অনেকবার হাসপাতালে যাতায়াত করতে হয়েছে। তবে এবার গত ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। মেরী মনোয়ারের ভাষ্য, ১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।
