✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ২০:২০:০১ |চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার একটি বাড়ির সামনে পলিথিন মোড়ানো অবস্থায় সদ্য ভূমিষ্ঠ এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নবজাতকটি উদ্ধার করা হলেও বুধবার (১৭ জুন) ঘটনাটি প্রকাশ পায়। বর্তমানে শিশুটি বারইয়ারহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেন তার ঘরের সদর দরজার সামনে একটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি কাছে গিয়ে কান্নার শব্দ শুনতে পান। পরে ব্যাগটি খুলে ভেতরে এক নবজাতক কন্যাশিশুকে দেখতে পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়।
বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএ ফারুক বলেন, বেলা ১১টার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়েছিল। শুরুতে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে। সে এখন ভালো আছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি আমি জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার জন্য সমাজসেবা বিভাগকে বলা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির পরবর্তী দেখভাল ও আইনি প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।