হজ যাত্রীদের জরুরি সেবায় ড্রোন সার্ভিস চালু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৫৭:৫৯ |

পবিত্র হজ মৌসুমে হাজিদের চিকিৎসাসেবা আরও দ্রুত ও উন্নত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহের জন্য প্রথমবারের মতো বাণিজ্যিক অনুমতিপত্র (লাইভ অপারেশনাল পারমিট) জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। 

২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে ‘টেরা ড্রোন অ্যারাবিয়া’ নামক একটি প্রতিষ্ঠানকে এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হজের মতো বিশাল জনসমাগমের জায়গায় যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। 

গত বছরের হজ মৌসুমে পরীক্ষামূলকভাবে ড্রোন চালিয়ে সফলতা পাওয়ার পরই মূলত এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মক্কা এবং মিনার মতো জনাকীর্ণ পবিত্র স্থানগুলোতে যানজট এড়িয়ে অত্যন্ত দ্রুততার সাথে এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ করা সম্ভব হবে।

সৌদি আরবের ভিশন-২০৩০ এবং দেশটির বিমান চলাচল খাতের আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিএসিএ। আধুনিক ও উন্নত প্রযুক্তির স্থানীয়করণের মাধ্যমে হাজিদের সেবা প্রদান আরও সহজ ও গতিশীল করার ব্যাপারে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। এই নতুন প্রযুক্তিভিত্তিক সেবা হজ ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং যেকোনো মেডিকেল ইমার্জেন্সিতে দ্রুত সাড়া দিতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..