✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৯:৫২:০৯ |ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফাহাদ হোসেন (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহাদ ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে উপজেলার সাতগ্রাম এডভোকেট হারুনুুর রশীদ খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
নিহতের চাচাতো ভাই জাহিদুল ইসলাম জানায়, দুপুরের দিকে ফাহাদ তার সহপাঠি জিহাদ ও রাফি তিনজন অপর সহপাঠি বোরহান মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল। দুপুর থেকেই হালকা বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির কারণে বাড়ির পাশে একটি গাছের নীচে দাঁড়ায় তিনজন। এ সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে যায় ফাহাদ। সাথে থাকা সহপাঠি রাফিও আহত হয়।
খবর পেয়ে ফাহাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত রাফিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় ফাহাদের পরিবার, শিক্ষক ও সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, দুপুরের দিকে বজ্রপাতে আহত ফাহাদ কে তার স্বজনরা নিয়ে আসে। তখন পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যায়।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই নিহতের লাশ নিয়ে গেছ স্বজনরা। আমরা খোঁজ খবর নিচ্ছি।