২০২৪ সালের সামারে লিভারপুলে যোগ দেন রিও এনগুমোহা। তার চেলসি ছাড়ার ধরনের কারণে দুই ক্লাবের সম্পর্কের অবনতি ঘটার কথাও শোনা গিয়েছিল। ইংল্যান্ডের এই কিশোর ফরোয়ার্ড কিন্তু মাঠের বাইরের এসব বিতর্ক হৃদয়ে ধারণ করেননি। গত মৌসুমে ইংলিশ লিগ কাপ দিয়ে লিভারপুলের জার্সি আনুষ্ঠানিকভাবে পরেন।
এফএ কাপ দিয়ে শুরুর একাদশে পেশাদার অভিষেক হয় এনগুমোহার। ক্লাব ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন ১৬ বছর ১৩৫ দিন বয়সে। গত বছর ২৫ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে অভিষেক হয়। যোগ করা সময়ে কডি গাকপোর বদলি হয়ে মাঠে নামেন এবং দশম মিনিটে গোল করে ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হন। পরের মাসে লিভারপুলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় তার। এরপরই ক্লাবের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি হয়।
সময় বহু পেরিয়ে গেছে। আরও শক্তিশালী হয়ে উঠেছেন এনগুমোহা। গতকাল (শনিবার) অ্যানফিল্ডে ফুলহ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলেই অবদান রেখেছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড। গত আগস্টে নাটকীয় জয়ে প্রথম গোল করলেও ঘরের মাঠে প্রথমবার জাল কাঁপালেন তিনি।
৩৬ মিনিটে বক্সে ঢুকে চোখ ধাঁধানো ড্রিবলিংয়ের পর ডানপায়ের বাতাসে ভাসানো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান এনগুমোহা। চার মিনিট পর আবারো চমৎকার ড্রিবলিংয়ের পর গাকপোকে ক্রস দেন। তার অ্যাসিস্টে মোহাম্মদ সালাহ দারুণ গোল করেন।
ম্যাচের পর এই কিশোর খেলোয়াড়কে সালাহর সঙ্গে তুলনা করলেন কোচ আর্নে স্লট, ‘সে শুধু দীর্ঘমেয়াদী ভবিষ্যতের নয়, নিকট ভবিষ্যতেরও অংশ। আমি মাস দুয়েক আগে বলেছিলাম তার খেলার সময় বাড়তে পারে, কারণ সে আরও শক্তিশালী হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘সে প্রমাণ করে দিয়েছে যে তার খেলাটা কিছু সুন্দর কৌশলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং তার খেলায় গোলের সুযোগ তৈরি করা, সেই সাথে বাড়তি সুযোগ যোগ হয়েছে, যা বিশ্বের সেরা ডিফেন্ডারদের বিপক্ষে লড়াই করতে গেলে অত্যন্ত প্রয়োজন।’
এনগুমোহার গোল নিয়ে তার কথা, ‘আমার মনে হয় না তার প্রথম (অ্যানফিল্ডে) গোলে কেউ হতবাক হয়েছে। তার এমন কিছু বিশেষ গুণ আছে যেটা ফুটবলে আজকাল আর দেখা যায় না, ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে আধিপত্য করার যে ব্যাপারটা। যখন সে গোল করল, তখন সেটাই করেছে সে। শরীর ঘুরিয়ে ও বাঁকিয়ে বল নিজের কাছে রেখেছে, তারপর মো সালাহ যেভাবে ফিনিশ করে সেভাবে গোল করেছে। এটা দেখাটা আনন্দের যে, সে সেটাই করেছে, যেটা তাকে বিশেষ করে তুলেছে বলে আমরা জানি।’
অ্যানফিল্ডে এসে একের পর এক রেকর্ড ভাঙা সালাহ চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্লাব লিজেন্ড বিদায় নেওয়ার আগেই তার উত্তরসূরি কি পেয়ে গেল লিভারপুল?
এ জাতীয় আরো খবর..