ইঞ্জিনের শব্দ শোনাবে হোন্ডার নতুন ইভি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ১৮:৩০:৪৪ |
বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) শান্ত ও নিঃশব্দ গতির প্রথা ভেঙে চালকদের চিরাচরিত ইঞ্জিনের স্বাদ দিতে নতুন ইভি আনছে হোন্ডা মোটর।

আগামী মাসের শেষের দিকে জাপানের বাজারে ‘সুপার-ওয়ান’ নামের গাড়িটি অবমুক্ত করা হবে জানিয়েছে জাপানি এ অটোমোবাইল জায়ান্ট। হোন্ডার নতুন উদ্ভাবনের বিশেষত্ব হলো এর ‘সিমুলেটেড ইঞ্জিন সাউন্ড’ ও বিশেষ ত্বরণ মোড। গাড়ির ভেতরে এমনভাবে স্পিকার বসানো হয়েছে, যা স্পোর্টস কারের মতো কৃত্রিম ইঞ্জিনের শব্দ তৈরি করবে। এমনকি চালকের অভিজ্ঞতাকে আরো বাস্তবসম্মত করতে ড্যাশবোর্ডে থাকবে ভার্চুয়াল ইঞ্জিন স্পিড প্রদর্শনে ‘ট্যাকোমিটার’। 

গাড়িটিতে পাঁচটি ভিন্ন ড্রাইভিং মোড থাকবে। এর মধ্যে বুস্ট অপশনটি ব্যবহার করলে এর শক্তি ৭০ কিলোওয়াট বা প্রায় ১০০ হর্সপাওয়ারে পৌঁছবে, যা চালককে উচ্চ গতির দারুণ এক অনুভূতি দেবে বলে জানিয়েছে কোম্পানিটি। সাধারণত ইভি ব্যাটারির কারণে বেশ ভারী হলেও হোন্ডার মডেলটির ওজন ১ হাজার ৯০ কেজি, যা ইভির বাজারে অত্যন্ত হালকা হিসেবে বিবেচিত। হোন্ডা মোটর জানিয়েছে, একবার চার্জ দিলে গাড়িটি ২৭৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। বাজার বিশ্লেষকরা বলছেন, অন্যান্য প্রতিষ্ঠান যেখানে ৪০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেয়ার প্রতিযোগিতায় নামছে, সেখানে হোন্ডা কেন কম রেঞ্জ বেছে নিয়েছে। 

কারণ হিসেবে গাড়িটির উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থাকা হিদেতোমো হোরিতা জানান, বেশি রেঞ্জ দিতে হলে বড় ব্যাটারির প্রয়োজন হয়, যা গাড়ির ওজন ও দাম দুটোই বাড়িয়ে দেয়। তাই ব্যবহারযোগ্যতা ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই সুপার-ওয়ানে ছোট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। হোন্ডা আরো জানিয়েছে, কোম্পানির মূল লক্ষ্য ৫০ বা তার বেশি বয়সী গ্রাহক, যারা এখন আর বড় গাড়ি চালাতে চান না, কিন্তু গাড়ি চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা এখনো উপভোগ করতে চান। 

হিদেতোমো হোরিতা বলেন, ‘আমরা গাড়িটি এমনভাবে তৈরি করেছি, যেন চালক কেবল গন্তব্যে পৌঁছতেই নয়, ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারেন।’ বাজারজাত পরিকল্পনার বিষয় তিনি জানান, শিগগিরই জাপানের ডিলার পয়েন্টগুলোয় গাড়িটির প্রি-অর্ডার শুরু হবে। জাপানের পাশাপাশি ব্রিটেন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার বাজারেও গাড়িটি পর্যায়ক্রমে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে হোন্ডার। তবে সুপার-ওয়ানের দাম নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। 

খবর ও ছবি কিয়োডো

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..