ভারতের বাজারে প্রথম ফ্ল্যাগশিপ উদ্বোধন করেছে বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ড শার্লট টিলবারি।
নয়াদিল্লির সাকেত এলাকার নেক্সাস সিলেক্ট সিটিওয়াক মলে গত সপ্তাহে ‘বিউটি ওয়ান্ডারল্যান্ড’ স্টোরটি চালু করা হয়। ভারতের ক্রমবর্ধমান প্রিমিয়াম বিউটি পণ্যের বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতেই ব্র্যান্ডটির এ পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। ২০২০ সালে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ভারতে যাত্রা শুরু করে শার্লট টিলবারি। তবে এবার খুচরা বিক্রয় কেন্দ্র বা রিটেইল ব্যবসায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে কোম্পানিটি সরাসরি স্টোর উদ্বোধন করল। ফ্ল্যাগশিপ স্টোরটি সম্পূর্ণভাবে পরিচালনা করবে ভারতীয় ই-কমার্স জায়ান্ট নাইকা।
রিটেইল অপারেশন, কর্মী ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ও বিপণনসহ সবই থাকবে নাইকার নিয়ন্ত্রণে। নাইকা বিউটির নির্বাহী পরিচালক ও সিইও আঞ্চিত নায়ার বলেন, ‘শার্লট টিলবারি আমাদের অন্যতম সফল বৈশ্বিক অংশীদার। এক্সক্লুসিভ এ বুটিক উদ্বোধন ভারতের বাজারে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই প্রতিফলন।’ স্টোরটির নকশায় ব্র্যান্ডের চিরাচরিত ‘আর্ট ডেকো’ ও পুরনো হলিউড ঘরানার পাশাপাশি স্থানীয় রুচির সমন্বয় ঘটানো হয়েছে। এর অন্যতম প্রধান আকর্ষণ হলো একটি হাতে তৈরি ‘রয়্যাল ইন্ডিয়ান আর্চ’। এছাড়া ভারতীয় উৎসব ও বিয়ের বাজারের কথা মাথায় রেখে এখানে থাকছে বিশেষ ব্যবস্থা।
যেমন ভারতীয় বিয়ের সাজের জন্য বিশেষ ওয়াল, স্থানীয় ট্রেন্ড অনুযায়ী মেকআপ সেবা ও পিলো টক ফটোওয়াল এবং ইন-স্টোর মাস্টারক্লাস। শার্লট টিলবারি স্বয়ং বলেন, ‘ভারত সবসময় সৌন্দর্য ও রূপান্তরের একটি দেশ। এখানকার গ্রাহক অত্যন্ত সৃজনশীল ও তারা আধুনিক ফর্মুলা পছন্দ করে।’
তিনি জানান, প্রথমবারের মতো ভারতে শার্লট টিলবারির সম্পূর্ণ পোর্টফোলিও এক ছাদের নিচে পাওয়া যাবে। এর মধ্যে ম্যাজিক ক্রিম, এয়ারব্রাশ ফ্ললেস কনসিলার এবং পিলো টক পণ্যের পাশাপাশি থাকছে নতুন সুগন্ধিও। উল্লেখ্য, বর্তমানে নাইকা ভারতের বিভিন্ন প্রান্তে ব্র্যান্ডটির জন্য ৫৭টি বিক্রয় কেন্দ্র পরিচালনা করছে।
—খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
এ জাতীয় আরো খবর..