উজ্জ্বল থাকবে শখের গাড়ির রং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৩:০২:৫০ |

শখের গাড়ি কেনার পর সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে এর চাকচিক্য ধরে রাখা। রাস্তার ধুলোবালি, কড়া রোদ আর বৃষ্টির পানির কারণে সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির রং তামাটে হয়ে যায়। সঠিক যত্ন ও সুরক্ষার অভাবে অনেক সময় নতুন গাড়ির বডিতেও মরিচা ধরতে দেখা যায়। গাড়ির বাহ্যিক সৌন্দর্য ও স্থায়িত্ব বজায় রাখতে বডি প্রোটেকশন এবং নিয়মিত পরিচ্ছন্নতা জরুরি হয়ে পড়ে।

গাড়ির রঙের যত্নে প্রথম শর্ত নিয়মিত ধোয়ামোছা করা। তবে ধোয়ার ক্ষেত্রে সাধারণ ডিটারজেন্ট ব্যবহার করা উচিত নয়। এতে থাকা ক্ষার গাড়ির রঙের উজ্জ্বলতা কমিয়ে দেয়। সব সময় গাড়ির জন্য নির্দিষ্ট ‘কার শ্যাম্পু’ ব্যবহার করা ভালো। মোছার জন্য সুতি কাপড়ের বদলে মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করলে গাড়িতে স্ক্র্যাচ বা দাগ পড়ার ঝুঁকি থাকে না।

রোদে গাড়ি পার্ক করলে সূর্যের অতিবেগুনি রশ্মি রঙের ক্ষতি করে। সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে বা গ্যারেজে গাড়ি রাখার চেষ্টা করুন। দীর্ঘ সময় রোদে রাখতে হলে ভালো মানের কার কাভার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। পাখির বিষ্ঠা বা গাছের আঠা গাড়ির রঙে পড়লে তা দ্রুত পরিষ্কার করতে হবে। এগুলো দীর্ঘক্ষণ থাকলে অ্যাসিডিক প্রতিক্রিয়ায় রঙের স্থায়ী ক্ষতি হতে পারে।

বর্তমানে গাড়ির বডি সুরক্ষায় বেশকিছু উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ‘সিরামিক কোটিং’ বেশ জনপ্রিয়। এটি রঙের ওপর একটি স্বচ্ছ ও শক্ত স্তর তৈরি করে, যা ধুলোবালি ও সামান্য আঁচড় থেকে গাড়িকে রক্ষা করে। এ ছাড়া ‘পেইন্ট প্রোটেকশন ফিল্ম’ (পিপিএফ) ব্যবহার করেও গাড়ির আদি রং নতুনের মতো রাখা সম্ভব। পিপিএফ অনেকটা স্বচ্ছ প্লাস্টিক মোড়কের মতো কাজ করে, যা পাথরের কণা বা ঘষা লাগা থেকে বডিকে বাঁচায়।

গাড়ির উজ্জ্বলতা ফেরাতে নিয়মিত পলিশ ও ওয়াক্স করা যেতে পারে। ওয়াক্সিং করলে গাড়ির ওপর একটি পিচ্ছিল স্তর তৈরি হয়, যা বৃষ্টির পানি ও কাদা দ্রুত সরিয়ে দেয়। এতে গাড়ির ধাতব অংশে মরিচা পড়ার আশঙ্কা কমে। কমপক্ষে তিন থেকে ছয় মাস অন্তর গাড়িতে ভালো মানের ওয়াক্স করা প্রয়োজন।

গাড়ির বাইরের অংশের পাশাপাশি নিচের দিকের বা আন্ডারবডির যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ। বর্ষাকালে রাস্তার পানি ও কাদার কারণে চ্যাসিসে মরিচা ধরার প্রবণতা বাড়ে। তাই সময়মতো ‘অ্যান্টি-রাস্ট’ কোটিং করিয়ে নিলে গাড়ির কাঠামো দীর্ঘদিন মজবুত থাকে। একটু সচেতনতা আর নিয়মিত যত্ন আপনার প্রিয় গাড়িটিকে রাখবে বছরের পর বছর নতুনের মতো ঝকঝকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..