ইউরোপের বাজারে টেসলার রেকর্ড বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১৭:২৬:১৫ |
ইউরোপের বাজারে ফের নিজেদের আধিপত্য ফিরে পেতে শুরু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

চলতি বছরের মার্চে ইউরোপের প্রধান বাজারগুলোয় টেসলার গাড়ি নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে ফ্রান্সে এ হার গত বছরের তুলনায় তিন গুণেরও বেশি এবং নরডিক অঞ্চলের দেশগুলোয় তা দ্বিগুণ। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫ সালের মন্দা কাটিয়ে টেসলা আবারো ইউরোপে নিজেদের অবস্থান শক্ত করছে। গত বছর চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং নতুন মডেলের অভাবসহ বিভিন্ন কারণে কোম্পানিটি বাজারহিস্যার প্রায় অর্ধেক হারায়। এছাড়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ইলোন মাস্কের রাজনৈতিক অবস্থানের কারণেও কিছু গ্রাহক মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলে ধারণা করা হয়। তবে গত বছরের শেষের দিকে মডেল-৩ ও মডেল-ওয়াইয়ের সাশ্রয়ী সংস্করণ বাজারে আনার পর ফেব্রুয়ারিতেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়।

ফ্রান্সের বাজার পর্যালোচনায় দেখা যায়, মার্চে ৯ হাজার ৫৬৯টি নতুন টেসলা গাড়ি নিবন্ধিত হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২০৩ শতাংশ বেশি, যা টেসলার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রির রেকর্ড। শুধু ফ্রান্স নয়, নরওয়েতে টেসলার নিবন্ধন বেড়েছে ১৭৮ শতাংশ। এছাড়া সুইডেন ও ডেনমার্কেও যথাক্রমে ১৪৪ ও ৯৬ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

টেসলা কর্তৃপক্ষ জানায়, সাধারণত প্রতি প্রান্তিকের শেষ দিকে তাদের গাড়ি সরবরাহের পরিমাণ বেড়ে যায়, যার প্রভাব নিবন্ধনের তথ্যে প্রতিফলিত হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক দাম ও উন্নত প্রযুক্তির কারণে ইউরোপের গ্রাহকরা আবারো টেসলার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। তবে স্পেন, ইতালি ও নেদারল্যান্ডসের বিক্রির তথ্য প্রকাশ হলে ইউরোপের বাজারে টেসলার সামগ্রিক সাফল্যের প্রকৃত চিত্র আরো স্পষ্ট হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..