✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ‘নো কিংস’ বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১১:২১:২৯ |
যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ শিরোনামে অভিবাসন নীতি সংস্কারের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে, যেখানে কঠোর অভিবাসন অভিযান হওয়া মিনেসোটা অঙ্গরাজ্যকে ঘিরেই মূল আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর এক মাস পর এই প্রথম এমন কর্মসূচি পালিত হচ্ছে। খবর আল জাজিরার। 

স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) রাস্তায় নামেন সাধারণ মানুষ। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্য জুড়ে ৩ হাজার ৩০০টির বেশি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিসহ বড় শহরগুলোতে বড় সমাবেশের পাশাপাশি রোম, প্যারিস ও বার্লিনেও চলছে সমান্তরাল কর্মসূচি। তবে আয়োজকরা বড় শহরের বাইরে রক্ষণশীল এলাকাগুলোতে বেশি মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছেন। তাদের ধারণা, মোট অংশগ্রহণকারীর প্রায় দুই-তৃতীয়াংশ শহরের বাইরে বিক্ষোভে অংশ নেবেন।

মূল সমাবেশটি মিনেসোটার মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বরে মিনেসোটায় ‘অপারেশন মেট্রো সার্জ’ নামে কঠোর অভিবাসন অভিযান চালানোর পর থেকেই এই অঞ্চল আলোচনায় আসে। ওই অভিযানে তিন হাজারের বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয় এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে।

এ বছর জানুয়ারিতে অভিযানের সময় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয় এবং সংস্কারের দাবি ওঠে। শনিবারের বিক্ষোভে তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে।

সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্সের। এছাড়া সংগীত পরিবেশন করবেন ব্রুস স্প্রিংস্টিন ও জোয়ান বায়েজ। এদিকে, ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশপাশে জড়ো হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগে জুন ও অক্টোবরেও ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ অংশ নেয়। নভেম্বরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে এই আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..