বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এমজি। এসএআইসি মোটরের মালিকানাধীন প্রতিষ্ঠানটি তাদের প্রথম বৈদ্যুতিক এসইউভি ‘এমজি ৪এক্স’ উন্মোচন করেছে। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সেমি-সলিড-স্টেট ব্যাটারি। গত বছর ‘এমজি ৪’ সেডানে এই প্রযুক্তি প্রথম ব্যবহারের পর এবার এসইউভি মডেলে তা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
সাধারণ বৈদ্যুতিক গাড়িতে তরল ইলেকট্রোলাইট ব্যাটারি ব্যবহার করা হয়। তবে এমজি ৪এক্স মডেলে তরল পদার্থের পরিমাণ কমিয়ে মাত্র ৫ শতাংশে আনা হয়েছে। এর ফলে ব্যাটারিতে আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি প্রায় নেই বললে চলে। পরীক্ষায় দেখা গেছে, সুঁই ফুটিয়ে পরীক্ষা করার দুই ঘণ্টা পরও ব্যাটারি থেকে কোনো ধোঁয়া বা আগুন বের হয়নি। এই প্রযুক্তি ব্যাটারির স্থায়িত্ব বাড়াতেও সাহায্য করে।
এমজি ৪এক্স গাড়িটি সিএলটিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী একবার পূর্ণ চার্জে অন্তত ৫১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এর এন্ট্রি-লেভেল বা শুরুর মডেলেও সেমি-সলিড-স্টেট ব্যাটারি ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছে এসএআইসি। আগের এমজি ৪ মডেলে ৫৩.৯৪ কিলোওয়াট-আওয়ারের ম্যাঙ্গানিজভিত্তিক লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছিল, যা ৩৩০ মাইল পর্যন্ত রেঞ্জ দেয়। নতুন এসইউভি মডেলেও একই ধরনের শক্তিশালী ব্যাটারি প্যাক থাকার সম্ভাবনা রয়েছে।
এমজি ৪এক্স মডেলটি সাধারণ সংস্করণের চেয়ে আকারে কিছুটা বড় এবং উঁচু। এসইউভি-সুলভ চারকোণা ও শক্তিশালী গঠন একে আলাদা করেছে। গাড়ির ভেতরে থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এতে ১৫.৬ ইঞ্চির একটি বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন হবে ২.৫-কে। এ ছাড়া চালকের নিরাপত্তা ও আরামদায়ক যাতায়াতের জন্য এতে সবশেষ ডিজিটাল ফিচারগুলো যুক্ত করা হবে।
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের শেষদিকে অর্থাৎ জুনের মধ্যে গাড়িটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার কথা রয়েছে। চীনের বাজারে এমজি ৪-এর সেমি-সলিড সংস্করণের দাম শুরু হয়েছিল ১৪ হাজার ৫০০ ডলার থেকে। ধারণা করা হচ্ছে, নতুন এই এসইউভিটির দামও সাধারণ ক্রেতাদের নাগালে থাকবে। সাশ্রয়ী দাম এবং উন্নত ব্যাটারি প্রযুক্তির কারণে বিশ্ববাজারে এটি বড় ধরনের সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..