ঘড়ির কাটায় সময় দুপুর ১২টা। রাজধানীর মেরুল বাড্ডা এলাকার ডিআইটি গলির ১২ নম্বর রোডে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল ভোটকেন্দ্র। সেখানে ২ মাস বয়সি বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন মা ফারজানা আক্তার সুমি। তিনি রামপুরা থেকে এসেছেন।
কোলে নবজাতক বাচ্চা দেখে দ্রুত তার কাছে ছুটে যান একজন নারী আনসার সদস্য ও একজন স্বেচ্ছাসেবক। তারা বলেন, শিশু বাচ্চা কোলে নিয়ে আপনাকে কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না।
তারপর ফারজানা আক্তার সুমির হাতে থাকা ভোটার স্লিপ দেখে দ্বিতীয়তলার নির্ধারিত ভোট কেন্দ্র নিয়ে যান। ফারজানা আক্তার সুমি মাত্র ১০ মিনিটের মধ্যে নিজের ভোট শেষে হাসিমুখে কেন্দ্র থেকে বেড়িয়ে আসেন। এ সময় তার সঙ্গে কথা হয় যুগান্তর প্রতিবেদকের।
ফারজানা জানান, এটি তার জীবনের প্রথম ভোট। প্রথমে ছোট বাচ্চার নিরাপত্তার কথা ভেবে ভোট দিতে আসতে চাননি। পরে মায়ের সঙ্গে এসে সিরিয়াল ছাড়া ১০ মিনিটে নিজের ভোট দিতে পেরেছেন। আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা সাহায্য করছে।
একইভাবে চোখে পড়ে অনেক স্তন্যদানকারী মা ও বয়স্ক এমনকি অসুস্থ নারী ভোটারদের। যারা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চলে এসেছেন সিরাজ মিয়া মডেল স্কুল কেন্দ্রে। এ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয়তলা নারীদের ভোটকেন্দ্র। কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ১০ জন। সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে ভোটারদের।
প্রিসাইডিং অফিসার মো. রায়হান কবীর বলেন, বয়স্ক নারী ও ছোট বাচ্চাদের নিয়ে আসা নারীদের অগ্রাধিকার দিচ্ছি আমরা। কেন্দ্রে আসার পর ভিড় এড়িয়ে যতো দ্রুত সম্ভব তাদের ভোট দেয়ার সুযোগ করে দিচ্ছি।
রায়হান জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৭১৭ টি ভোট গ্রহণ হয়েছে।
এদিকে চার মাস বয়সি শিশু হুমায়রাকে কোলে নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন আরেক মা মাহমুদা আক্তার। একসঙ্গে এত মানুষের উপস্থিতি দেখে ভয়ে চিৎকার করছিলো কোলের শিশুটি। তার কান্নার শব্দে ছুটে আসেন নারী আনসার সদস্য। মা মাহমুদা আক্তারের কোল থেকে বাচ্চাকে নিয়ে দীর্ঘ সিরিয়াল ছাড়াই ভোট দেওয়ার সুযোগ করে দেন।
ভোটদান শেষে মাহমুদা আক্তার বলেন, তিনি পরিবার নিয়ে উত্তর বাড্ডা এলাকায় থাকেন। তার জীবনেও প্রথম ভোট এটি। তাই মিস করছেন না। ছোট বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিতে এসেছেন। কোলের বাচ্চা ছাড়াও চার বছর বয়সি ছেলে আলী হোসেনকে সঙ্গে নিয়ে এসেছেন। একজন নারী আনসার সদস্যের কোলে বাচ্চাকে দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি।
এ জাতীয় আরো খবর..