ঢাকার ইস্ট বেঙ্গল ক্যাফে রোস্টারে, ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে শিল্পী শামিম সুব্রানার একক প্রদর্শনী আনফ্রেমড। প্রদর্শনী আনফ্রেমড-এ শিল্পীর মোট ১৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে। শামিম সুব্রানা নিজের কাজকে কখনও কোন ফ্রেমে বন্দী করতে চাননা। রাখতে চাননা নির্দিষ্ট কোন ভাবনার উপর। কারণ তার চিন্তার সীমানা নেই, তার ভাবনার শেষ নেই, তার কাজের কোন প্রাচীর নেই। তার চিত্রকর্ম অনেকগুলো বার্তা দেয়। এই বার্তা
তথাকথিত নিয়মের বাইরের বার্তা । এই চিন্তা, জীবনের গন্ডির বাইরের চিন্তা।
তিনি মনে করেন একটি নির্দিষ্ট ফ্রেম করে ছবির বাহ্যিক সৌন্দর্য যাহির করা যায়। কিন্তু তাতে মনের ও আত্বার যে উন্মুক্ত টান সেটা একটা ফ্রেমবন্দী হয়ে যায়। সাথে সাথে ছবির ভারসাম্য, কথা আবদ্ধ হয়ে যায়। আর ফ্রেমবিহীন ছবি যেন মুক্ত,নেই নির্দিষ্ট গন্ডির কোন তোড়জোড়। নেই আবদ্ধতা। নিজের মত করে তিনি ছবিকেও স্বাধীন করেছেন গতানুগতিক ট্রেন্ড থেকে। তার ছবিতে ক্যানভাস ভাঁজ করে রাখার ফলে যে দাগ পড়েছে, সেগুলো ঢাকার চেষ্টা করা হয়নি। ফলে ক্যানভাস এখানে নিছক পৃষ্ঠ নয়; এটি সময়, ব্যবহার ও অবহেলার চিহ্ন বহনকারী এক দেহ। ঠিক এইখানে শিল্পী শামিম সুব্রানার সফলতা।
আনফ্রেমড ২-এ ঝুলন্ত ক্যানভাস ও ভাঁজের রেখা ক্যানভাসকে অবজেক্ট হিসেবে সামনে আনে। আনফ্রেমড ৫-এর তীব্র লাল পৃষ্ঠে আঁচড় ও দাগ অস্কার মুরিলোর শ্রমচিহ্নিত ক্যানভাসের সঙ্গে তুলনীয়, যদিও এখানে একটি সচেতন নিয়ন্ত্রণ লক্ষ করা যায়। প্রদর্শনী আনফ্রেমড চলবে, ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
শিল্পী শামিম সুব্রানা চট্টগ্রাম আর্ট কলেজের গন্ডি পেরিয়ে ড্রইং এন্ড পেইন্টিং, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিল্প শেখার পাঠ চুকিয়ে, শিল্প জগতকে সমৃদ্ধ করেছেন নিজের দায়বদ্ধতা এবং ভালোবাসা থেকে। তৈরি করেছিলেন গ্যালারী 21। পরে পাড়ি জমিয়েছেন আমেরিকা। যদিও কিছুদিন পর পরই দেশের মাটিতে পা রাখেন । কারণ তিনি মনে প্রাণে বাংলার মেয়ে। মাটির খুব কাছের মেয়ে।
এ জাতীয় আরো খবর..