✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৫:০৩:০৭ |বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যত বাড়ছে, এই রুটে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ ততই বৃদ্ধি পাচ্ছে।
নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞার জরুরি নির্দেশ দিয়েছে ভারত সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিক সরবরাহকারী সংস্থাগুলোকে এ নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
বুধবার গভীর রাতে জারি করা এক নির্দেশনায় ভারতের নৌপরিবহন মহাপরিদপ্তর (ডিজি শিপিং) জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করবে—এমন কোনো জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগ দেওয়া যাবে না। ওই অঞ্চলের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক জাহাজে হামলার ঘটনাকে বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত তিন দিনে মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজে হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, সংঘাতপ্রবণ এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং সেখানে কর্মরত নাবিকদের নিরাপত্তা ঝুঁকি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ডিজি শিপিংয়ের নির্দেশনায় বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেখানে দায়িত্ব পালনকারী ভারতীয় নাবিকদের সুরক্ষায় আরও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। একই সঙ্গে জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং অধিনায়কদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং আশপাশের সমুদ্র এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক নৌ চলাচল-সংক্রান্ত সংস্থাগুলোর জারি করা নিরাপত্তা সতর্কতা ও নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে হবে।
ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নাবিক সরবরাহের ক্ষেত্রে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।
এদিকে, মঙ্গলবার জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে ব্যাখ্যা চাইতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে।
সূত্র : এনডিটিভি।