✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৪:৪৩:১০ |বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের আটলান্টার স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। ২-১ গোলে ম্যাচটি হেরে যাওয়ার পরপরই আটলান্টা পুলিশ বেশ কয়েকজন ইংল্যান্ড সমর্থককে আটক করে। পরে যদিও সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। খবর স্পোর্টস ইয়াহু।
আটলান্টা বারের বাইরে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সমর্থকদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনাকর পরিস্থিতি। ছবি: রয়টার্স
যুক্তরাজ্য দূতাবাস জানিয়েছে, মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামের কাছের হাডসন গ্রিল বারের সামনে প্রথম এ উত্তেজনার সূত্রপাত হয়। বিজয়ী আর্জেন্টাইন সমর্থকরা ওই বারের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে জড়ো হওয়া ইংলিশ সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ওই এলাকায় অবস্থান নেয়। পরে হাতকড়া পরিয়ে রক্তাক্ত কয়েকজন উত্তেজিত সমর্থককে সরিয়ে নেয়া হয়।

মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামের কাছের একটি বারে মারামারির পর এক ইংলিশ সমর্থককে আটক করছে পুলিশ
এছাড়া কাছের একটি আইরিশ বারেও এই সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো বিশ্বকাপ জুড়ে দুই দেশের সমর্থকদের খোলামেলা বসার ব্যবস্থা থাকলেও বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে এই ম্যাচের আগে থেকেই দুই দেশের মধ্যে ফকল্যান্ডস বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরাও ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন করেন।
অন্যদিকে লন্ডনের রিজেন্ট স্ট্রিটে ম্যাচ শেষে এক আর্জেন্টাইন সমর্থককে ক্ষুব্ধ ইংলিশ দর্শকদের হাত থেকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, শুরুতে ঘটনাটি ছিল ছোট পরিসরের সংঘর্ষ। পুলিশ খুব দ্রুত নিয়ন্ত্রণ নেয়ায় পরিস্থিতি পরে আর বড় আকার ধারণ করেনি।