ইরানে মার্কিন হামলায় হতাহত বহু, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৪:৪২:৩৫ |

ইরানে টানা পঞ্চম দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পাশাপাশি ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধও দিয়েছে তারা।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত দুজন নিহত এবং ২৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান, আহতদের মধ্যে অন্তত তিনজনের বয়স ১৮ বছরের নিচে। আহতদের মধ্যে ২২২ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরের চারটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সেখানে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি। তিনি ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনাকে বলেন, উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরে এখন শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, ইরানে বড় ধরনের হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আবারও একটি ‘বিপজ্জনক খাদের কিনারে’ ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত সান লেই। এর আগে মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, ইরান ও ইয়েমেনে পণ্য সরবরাহ ঠেকাতে চীন যথেষ্ট কাজ করছে না।
মার্কিন দূতের এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সান লেই। তিনি বলেন, চীন এ ধরনের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এখন যুক্তরাষ্ট্রের প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও অশান্তি সৃষ্টি করা বন্ধ করা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..