✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৪:৩৬:০৫ |টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নেভার মাইন্ড’ নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে তার পোশাক ও বিভিন্ন আচরণ নিয়ে। তবে শুধু পোশাকের কারণেই নয়, অন্য একটি বিশেষ মুদ্রাদোষের জন্যও তাকে প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়।
বিভিন্ন সাক্ষাৎকারে বা কথা বলার সময় অভিনেত্রীর বারবার চুলে হাত দেওয়ার অভ্যাসটি নিয়ে সোশ্যালে ট্রোলিং যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই স্বভাবের কারণে তাকে উপহাস করেন, আবার কেউ কেউ মনে করেন দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এমনটা করেন। এবার এই ট্রোলিং ও নিজের বিশেষ অভ্যাসটি নিয়ে নিজেই মুখ খুলেছেন ঋতুপর্ণা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একটি বদভ্যাসের কথা বলতে গিয়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে, কথা বলার মাঝে বারবার চুলে হাত দেওয়া তার পুরোনো অভ্যাস। ঋতুপর্ণার কথায়, কথা বলার সময় তার খালি মনে হয় চুলটা হয়তো ঠিকভাবে সেট নেই, আর সেই কারণেই অবচেতনভাবে হাত চলে যায় চুলে। তিনি জানান, এটি তার ছোটবেলার অভ্যাস হলেও একা থাকার সময় সাধারণত এমনটা করেন না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন যেন তিনি বাড়তি সচেতন হয়ে পড়েন এবং নিজের অজান্তেই চুলে হাত দিয়ে বসেন।
উল্লেখ্য, চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আর সেই রেশ ধরেই অভিনেত্রীর এই পুরোনো মুদ্রাদোষের বিষয়টি আবারও নেটজনতার মাঝে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা