✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৯, | ১৪:২৮:০৯ |মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ চলাকালেই লিওনেল মেসিদের হটিয়ে এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স।
শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিদিয়ের দেশমের দল মূল্যবান র্যাঙ্কিং পয়েন্ট অর্জন করে। ফলে সামান্য ব্যবধানে আর্জেন্টিনাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে তারা।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ফ্রান্সের রেটিং পয়েন্ট ১৯২৫.৮৬, আর আর্জেন্টিনার ১৯২৫.১৫। দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ০.৭১ পয়েন্ট। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে আবারও শীর্ষস্থান বদল হতে পারে।
বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচে স্পেনের ড্র এবং ফ্রান্সের পরাজয়ের সুযোগে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। বর্তমানে ১৯১২.৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্পেন। তিন দলই এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
এদিকে ইতিহাস বলছে, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ জেতার নজির এখনো নেই। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর ১৯৯৪ বিশ্বকাপে এক নম্বর দল হিসেবে আসর শুরু করেছিল জার্মানি, কিন্তু তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। শিরোপা জেতে ব্রাজিল।
এরপর ১৯৯৮, ২০০৬, ২০১০ ও ২০২২ বিশ্বকাপে শীর্ষ র্যাঙ্কিং নিয়ে খেলেও শিরোপা জিততে পারেনি ব্রাজিল। একইভাবে ২০০২ সালে ফ্রান্স, ২০১৪ সালে স্পেন এবং ২০১৮ সালে জার্মানিও এক নম্বর দল হিসেবে বিশ্বকাপ শুরু করেও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি।