অপ্রতিরোধ্য কেইন, তাকে আটকানোর ‘অদ্ভুত’ পরামর্শ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৯, | ১৪:২৫:২০ |

চলতি ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। গোলের পর গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন এই স্ট্রাইকার। আর তাকে থামানো নিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ডেস ওয়াকার। তাঁর মতে, কেইনকে আটকানোর একমাত্র উপায় হলো ‘তাকে লাথি মারা’।

গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার বলেন,‘আমার মনে হয়, ওকে থামাতে হলে লাথি মারতেই হবে। কারণ, সে আপনাকে সমস্যায় ফেলবেই!’

২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। জার্মান ক্লাবটির হয়ে তিনি ধারাবাহিকভাবে গোল করে চলেছেন। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। এর মধ্যে শুধু বুন্ডেসলিগাতেই ৩১ ম্যাচে ৩৬ গোল করে টানা তৃতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। বায়ার্নের জার্সিতে এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৪৬।

ক্লাবের এই দুর্দান্ত ফর্ম আন্তর্জাতিক ফুটবলেও ধরে রেখেছেন কেইন। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক গোল এখন ৮৫টি। বিশ্বকাপেও গ্যারি লিনেকারকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। বিশ্বকাপে মোট ১৪ গোল নিয়ে কিংবদন্তি জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। চলতি আসরেও ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন শীর্ষ সারিতে।

ওয়াকারের মতে, শুধু গোল করাই নয়, কেইনের সবচেয়ে বড় শক্তি হলো দলের খেলায় তার সম্পৃক্ততা।

তিনি বলেন, ‘হ্যারি গোল না করলেও ম্যাচে দারুণ অবদান রাখে। তাকে সামলানো খুব কঠিন। অ্যালান শিয়ারারের মতো সেও শুধু গোলদাতা নয়, দলের জন্য আরও অনেকভাবে অবদান রাখে।’

সাবেক এই ইংলিশ ডিফেন্ডার আরও বলেন, ‘অনেক খেলোয়াড় পুরো ম্যাচে চোখে পড়ে না, কিন্তু শেষ মুহূর্তে গোল করে ম্যাচের ফল বদলে দেয়। হ্যারির মধ্যেও সেই বিশ্বাস ও সামর্থ্য আছে। গত এক দশক ধরে সে নিজেকে প্রমাণ করেছে। যারা তাকে নিয়ে সন্দেহ করেছিল, তাদের সবাইকে ভুল প্রমাণ করেছে। সত্যিই সে অসাধারণ একজন ফুটবলার।’

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। শেষ চারে ওঠার লড়াইয়ে আবারও দলের বড় ভরসা থাকবেন অধিনায়ক হ্যারি কেইন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..