✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১১:৩০:৫০ |শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে অবিশ্বাস্য এই জয়ের আনন্দের মাঝেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, একসময় তার মনে হয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে আর্জেন্টিনা।
সংবাদমাধ্যমকে মার্তিনেস বলেন, ‘যখন আমরা ২-০ গোলে পিছিয়ে পড়লাম, তখন মনে হচ্ছিল আমি দলের জন্য কিছুই করতে পারছি না। এই অনুভূতি আমার একদম ভালো লাগেনি। আমার মনে হয়, এবার দলের জন্য আরও বেশি অবদান রাখার সময় এসেছে। গত কয়েকটি ম্যাচে সতীর্থরাই আমাকে বাঁচিয়েছে, এবার আমার পালা তাদের সাহায্য করার।’
প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়েও কথা বলেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। তিনি বলেন, বিরতির সময় মেসি ভীষণ অপরাধবোধে ভুগছিলেন। তবে তিনি মনে করিয়ে দেন, বছরের পর বছর মেসিই অসংখ্যবার দলকে উদ্ধার করেছেন। তাই এমন মুহূর্তে দলের অন্যদেরই আরও বড় দায়িত্ব নেওয়া উচিত।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর আবেগাপ্লুত হয়ে পড়ার কারণও জানান দিবু। তিনি বলেন, ‘চোখে জল চলে এসেছিল। কারণ একসময় মনে হচ্ছিল আমরা হয়তো বিদায় নিচ্ছি, আর আমি নিজের সেরাটা দিতে পারিনি। আমরা দেশের মানুষকে কখনো হতাশ করতে চাই না। সবসময় আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।’
বিশ্বকাপে টানা দুই কঠিন ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই গোলরক্ষক। মার্তিনেস জানান, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে যে লড়াই হয়েছে, তা সামনের আরও কঠিন পরীক্ষার জন্য দলকে মানসিকভাবে প্রস্তুত করবে।